ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ এনে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল ভাংচুর করেছে ওই রোগীর স্বজনরা।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার রাতে স্থানীয় ল্যাবএইড ক্লিনিকে সাদেক মিয়া (২৩) নামে এক রোগীর মৃত্যু হয়।
রোগীর আত্মীয়-স্বজনদের অভিযোগ, যথাযথ চিকিৎসা না দেওয়ায় এই মৃত্যু হয়েছে। তারা ল্যাবএইড ক্লিনিকে ভাংচুর চালায়। ওই সময় পাশের মডার্ন ক্লিনিকও ভাংচুর করে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়।
সাদেকের ভাই মোহাম্মদ ফারুক সাংবাদিকদের বলেন, "টনসিলে অস্ত্রোপচারের জন্য শুক্রবার সকালে আমার ভাইকে (সাদেক) ল্যাবএইড ক্লিনিকে ভর্তি করি। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণেই তার মৃত্যু হয়েছে।"
এ বিষয়ে ল্যাবএইড ক্লিনিকের অন্যতম পরিচালক রিপন খান বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি এতে চিকিৎসকের কোনও দোষ থাকলে, তবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন গভীর রাতে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে।
হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৩ ঘ.
bdnews24