২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের লাশ নিয়ে রোববার ফিরতে পারেন মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফওজিয়া মোসলেম টুম্পা শুক্রবার মারা গেছেন। রোববার থাই এয়ারওয়েজের একটি বিমানে তার মরদেহ বাংলাদেশে আনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফওজিয়া মোসলেম টুম্পা শুক্রবার মারা গেছেন। রোববার থাই এয়ারওয়েজের একটি বিমানে তার মরদেহ বাংলাদেশে আনা হবে। অসুস্থ মেয়েকে দেখার জন্য ব্যাংকক যাওয়ার সময় বিমানবন্দরেই মেয়ের ক্লিনিক্যালি ডেড হওয়ার খবর পান মেয়র। বাংলাদেশ সময় সোয়া ছয়টার দিকে ব্যাংককের পিয়া থাই হাসপাতালে পৌঁছে জানতে পারেন মেয়ে টুম্পা আর নেই। হাসপাতালে মেয়ের লাশ জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। অতিরিক্ত কান্নাকাটি ও মানসিক চাপে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানান মেয়রের বড় জামাতা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি মোবাইল ফোনে সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকদের পরামর্শে মেয়রকে মেয়ের লাশের কাছ থেকে সরিয়ে নেয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। ডা. সেলিম জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করতে একদিন সময় লাগবে। শনিবার চট্টগ্রামে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় আগামী রোববার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে টুম্পার লাশ চট্টগ্রামে আনা হবে। মেয়রও সে সময় ফিরে আসবেন। ডা. সেলিম জানান, টুম্পা দীর্ঘদিন ধরে জটিল 'নন হসকিন লিম্ফোমা টি সেল' ক্যান্সারে ভূগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গত জুলাই মাসে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। শুক্রবার টুম্পার অবস্থার অবনতি ঘটলে স্থানীয় সময় আড়াইটায় (বাংলাদেশ সময় দেড়টা) তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। এর দুই ঘণ্টা পর তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। ব্যাংকক রওনা হওয়ার আগে বিমানবন্দরে মেয়রের কাছে খবর আসে, টুম্পা ক্লিনিক্যালি ডেড। টুম্পা চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আগের খবর: মেয়রের ভাইয়ের ছেলে মেসবাহউদ্দিন চৌধুরী নোবেল শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে টুম্পার লাইফসাপোর্ট খুলে নেওয়া হয়। চাচাও (মহিউদ্দিন) ব্যাংকক পৌঁছেছেন।" টুম্পার মৃত্যুর খবর চট্টগ্রামে আসার পর মেয়রের চট্টগ্রাম চশমা হিলের বাসায় কোরানখানি ও মিলাদ মাহফিলসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু করেছেন তার পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী এক বছর ৭ মাস আটক থাকার পর গত ৮ অক্টোবর জামিনে মুক্তি পান। বুধবার বিদেশ যাওয়ার অনুমতি পান তিনি। শুক্রবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে চড়ে স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও ছেলে নৌফেলকে নিয়ে তিনি ব্যাংকক রওনা হন। মেয়র রওনা হওয়ার পরপরই নোবেল সাংবাদিকদের বলেন, "বিমান ছাড়ার কয়েক মিনিট আগে ব্যাংকক থেকে খবর আসে, টুম্পা ক্লিনিক্যালি ডেড। এতে চাচা (মহিউদ্দিন) খুব ভেঙে পড়েন। তবে এরপরও তিনি রওনা হয়েছেন।" বিমানবন্দরে রওনা হওয়ার আগেও মেয়ের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মহিউদ্দিন চৌধুরী। নগরীর চশমা হিলের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "ব্যাংকক যাচ্ছি। জানি না, মেয়েকে শেষ দেখা দেখতে পাব কি না।" আটক সব রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, "রাজনীতিবিদদের নির্যাতন-নিষ্পেষণ করে কোনো লাভ হবে না।" চট্টগ্রাম সিটি করপোরেশনের বিষয়ে মেয়র বলেন, "আমার অবর্তমানে সিটি করপোরেশনে অনেক অনিয়ম হয়েছে বলে শুনেছি। তবে কাউন্সিলরদের সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে যাচ্ছি।" জামিনে মুক্তি পাওয়ার পরও সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে পাননি মহিউদ্দিন চৌধুরী। এর কারণ জানতে চেয়ে সরকারকে চিঠিও দিয়েছেন তিনি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার সাংবাদিকদের বলেন, "চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" বর্তমানে কাউন্সিলর মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলা হলেও তিনটি মামলা আদালত খারিজ করে দেয়। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় চারটিতে। বাকি ১৫টির সবকটিতে জামিন পেয়ে ৮ অক্টোবর তিনি ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/জিএনএ/এমএইচবি/২৩৩১ ঘ.