সাভার (ঢাকা), অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বংশী নদীতে শুক্রবার নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
এরা হলো, সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার ফারুক হোসেন (১৫) ও মো. সজীব (১৮)।
বন্ধুদের সঙ্গে একটি ডিঙ্গি নৌকায় চড়ে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে আট কিশোর একটি ডিঙ্গি নৌকা নিয়ে বংশী নদীতে মাছ ধরতে যায়। নৌকাটি বক্তারপুর ঘাট পার হয়ে মাঝ নদীতে পৌঁছার পরপরই হঠাং করেই নৌকাটি উল্টে ডুবে যায়। ছয় জন সাঁতরে তীরে আসতে পারলেও ফারুক ও সজীব তলিয়ে যায়।
খবর পেয়ে সাভার থানা পুলিশ ও দমকলের ডুবুরী দল গিয়ে ফারুক ও সজীবের মৃতদেহ উদ্ধার করে।
দমকল বাহিনীর প্রধান কার্যালয়ের স্টেশন মাস্টার আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীতে এক ঘণ্টা খোঁজার পর লাশ দুটি পাওয়া যায়।"
সাভার থেকে খবর দেওয়া হলে সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছেই উদ্ধার কাজ শুরু করেন বলে আব্দুস শহীদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮৪৩ ঘ.
bdnews24