২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ মেয়েকে দেখতে ব্যাংককের পথে মেয়র মহিউদ্দিন

ক্যান্সার আক্রান্ত মেয়ে ফওজিয়া সুলতানা টুম্পাকে দেখতে শুক্রবার দুপুরে ব্যাংকক রওনা হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত মেয়ে ফওজিয়া সুলতানা টুম্পাকে দেখতে শুক্রবার দুপুরে ব্যাংকক রওনা হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী টুম্পা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে টুম্পা ক্লিনিক্যালি ডেড- শুক্রবার দুপুরে মেয়রের বিমান ছাড়ার আগ মুহূর্তে ব্যাংকক থেকে এ খবর এসেছে বলে জানিয়েছেন মহিউদ্দিনের ভাস্তে মেসবাহউদ্দিন চৌধুরী নোবেল। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী এক বছর ৭ মাস আটক থাকার পর গত ৮ অক্টোবর জামিনে মুক্তি পান। সরকারের কাছে আবেদনের পরিপপ্রেক্ষিতে গত বুধবার বিদেশ যাওয়ার অনুমতি পান তিনি। নোবেল সাংবাদিকদের বলেন, "বিমান ছাড়ার কয়েক মিনিট আগে ব্যাংকক থেকে খবর আসে, টুম্পা ক্লিনিক্যালি ডেড। এতে চাচা (মহিউদ্দিন) খুব ভেঙে পড়েন। তবে এরপরও তিনি রওনা হয়েছেন। টুম্পার লাইফসাপোর্ট খুলে না নেওয়ার জন্য চাচা ব্যাংককের চিকিৎসকদের জানিয়েছেন।" মেয়রকে নিয়ে থাই এয়ারওয়েজের বিমানটি দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ছাড়ে বলে মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মেয়রের সঙ্গে রয়েছেন স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও ছেলে নৌফেল। বিমানবন্দরে রওনা হওয়ার আগেও মেয়ের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মহিউদ্দিন চৌধুরী। নগরীর চশমা হিলের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "ব্যাংকক যাচ্ছি। জানি না, মেয়েকে শেষ দেখা দেখতে পাব কি না।" আটক সব রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, "রাজনীতিবিদদের নির্যাতন-নিষ্পেষণ করে কোনও লাভ হবে না।" চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয়ে মেয়র বলেন, "আমার অবর্তমানে সিটি কর্পোরেশনে অনেক অনিয়ম হয়েছে বলে শুনেছি। তবে কাউন্সিলরদের সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে যাচ্ছি।" জামিনে মুক্তি পাওয়ার পরও সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে পাননি মহিউদ্দিন চৌধুরী। এর কারণ জানতে চেয়ে সরকারকে চিঠিও দিয়েছেন তিনি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার সাংবাদিকদের বলেন, "চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" বর্তমানে কাউন্সিলর মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলা হলেও তিনটি আদালত খারিজ করে দেয়। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় চারটিতে। বাকি ১৫টির সবকটিতে জামিন পেয়ে ৮ অক্টোবর তিনি ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫৩৪ ঘ.