চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় এক পুলিশ সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে।
হুমায়ুন কবীর (২৮) নামে ওই পুলিশ সদস্য শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ দাবি করছে, ভুল ইনজেকশন দেওয়ায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চমেক কর্তৃপক্ষ।
হুমায়ুন নগরীর দামপাড়া পুলিশ লাইনে রিজার্ভ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে হাসপাতালের ৫ম তলার ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন হুমায়ুনকে কর্মরত এক সেবিকা এন্টিবায়োটিক ইনজেকশনের বদলে চেতনানাশক ইনজেকশন দেন। এর পাঁচ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।"
হাতে আঘাত পাওয়ার কারণে এর আগে চমেক হাসপাতালে হুমায়ুনের অস্ত্রোপচার হয় জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "হাতে বসানো রড অপসারণের জন্য গত বুধবার হুমায়ুন পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।"
রেজাউল মাসুদ বলেন, "বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে রড অপসারণের পর শুক্রবার হুমায়ুনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার সকালেই ওই ঘটনা ঘটে।"
হুমায়ুনের মৃত্যুর পরপরই চমেক হাসপাতালের পরিচালক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে সহকারী কমিশনার রেজাউল জানান।
তিনি বলেন, "এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চমেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনাটি নিয়ে যোগাযোগ করা হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান তদন্ত কমিটি গঠিত হওয়ার কথা স্বীকার করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের পক্ষ থেকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করা হয়েছে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।"
কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে পরিচালক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24