ঢাকা, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিবন্ধন ছাড়া গুঁড়ো দুধ আমদানি করায় ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে।
এদিকে প্রাথমিক রিপোর্টে যেসব দুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে সেগুলো শিশুদের না খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ পরিচালক ডা. আব্দুর রহমান বৃহস্পতিবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌ এন্টারপ্রাইজ, রিনাউন অ্যাসোসিয়েটস, জেস ইন্টারন্যাশনাল, মাইশা হেলথ কেয়ার এবং অলওয়ে ট্রেডিং নিবন্ধন ছাড়াই ৯টি ব্র্যান্ডের গুঁড়ো দুধ আমদানি করছে।"
এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন এছাড়া মাত্রাতিরিক্ত বিষাক্ত মেলামাইনের অস্তিত্ব প্রমাণিত হওয়ায় এর মধ্যে একটি প্রতিষ্ঠানের আমদানি করা ইয়াশলী-১ নামের গুঁড়ো দুধ বাজার থেকে তুলে নেওয়ার জন্য মোবাইল কোর্টগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"নিবন্ধনবিহীন দুধ আমদানিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
দেশে এখন ৭টি নিবন্ধিত সংস্থা ৪৬টি ব্র্যান্ডের গুঁড়ো দুধ আমদানি করছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে গুঁড়ো দুধ সংক্রান্ত টাস্কফোর্সের এক বৈঠক শেষে কমিটির প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তাকিম সাংবাদিকদের মাধ্যমে প্রাথমিক রিপোর্টে যেসব দুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে সেগুলো শিশুদের না খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নাগারের পরীক্ষায় এ পর্যন্ত মোট ৮টি ব্র্যান্ডের গুঁড়ো দুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার ডিপ্লোমা, রেডকাউ, ডেনমার্কের ডানো ফুলক্রিম, চীন থেকে আমদানিকৃত ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২, নিউজিল্যান্ডের নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট এবং অ্যানলিন।
তবে বিএসটিআই এবং প্লাজমা প্লাস নামে বেসরকারি একটি পরীক্ষাগারে পরীক্ষায় শুধু ইয়াশলি-১ এ এই বিষাক্ত পদার্থের প্রমাণ পাওয়া যায়।
পরীক্ষার এই দু'রকম ফলের ব্যাপারে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকার জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, "দুধ আমদানি ও এ সংক্রান্ত যে বিধিবিধান আছে সেগুলো বাস্তবায়নে কোন অসুবিধা আছে কি না, থাকলে তা কিভাবে দুর করা যায় বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি আগামী ৭ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদনসহ সুপারিশমালা সরকারের কাছে জমা দিতে পারবো"।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ৯টি ব্র্যান্ডের গুঁড়ো দুধ আমদানিকারী নিবন্ধনবিহীন ৫টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। এর মধ্যে মৌ এন্টারপ্রাইজ, সুইট বেবি-২ , অলওয়ে ট্রেডিং ইয়াশলি-১ এবং ইয়াশলি-২, রিনাউন অ্যাসোসিয়েটস প্রিমিয়াভিটা ফরমুলা-১ এবং প্রিমিয়াভিটা ফরমুলা-২, জেস ইন্টারন্যাশনাল বেবি ফেয়ার-৩, বেবি ফেয়ার- এম এফ এবং মাইশা হেলথ কেয়ার ফাবি মিল্ক-১ ও ফাবি মিল্ক-২ ব্র্যান্ডের দুধ আমদানি করছে।
বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এডি/এসকে/২০৩১ঘ.
bdnews24