২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার অন্যতম নিরাপদ বন্দর চট্টগ্রাম: চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর বর্তমানে এশিয়ার অন্যতম নিরাপদ বন্দরের একটি হিসেবে চিহ্নিত হচ্ছে বলে দাবি করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর বর্তমানে এশিয়ার অন্যতম নিরাপদ বন্দরের একটি হিসেবে চিহ্নিত হচ্ছে বলে দাবি করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ। বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত বৃহস্পতিবার বন্দর কার্যালয়ে এক সেমিনারে তিনি বলেন, "কয়েক বছর আগেও ঝুঁকিপূর্ণ বন্দর হিসাবে চট্টগ্রামের যে দুর্নাম ছিল তা আজ ঘুচে গেছে। বিগত দুই বছরে জলদস্যুতা শূন্যের কোঠায় নেমে এসেছে। বর্তমানে এটি এশিয়ার অন্যতম নিরাপদ বন্দরের একটি হিসেবে চিহ্নিত হচ্ছে।" চেয়ারম্যান বলেন, "নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) নিরলস কাজ করে যাচ্ছে। আন্তজার্তিক নৌ সংস্থার (আইএমও) সদস্য হিসেবে আমেরিকা ও ইউরোপের উন্নত বন্দরগুলোর ন্যায় চট্টগ্রাম বন্দরকেও নিরাপদ নৌ চলাচল ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।" চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য পরিবহনের ব্যয় কমেছে দাবি করে তিনি। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, আইএমও এর নির্দেশনা অনুযায়ী বন্দর এলাকায় পরিবেশ দূষণ রোধে চট্টগ্রাম ড্রাইডকের কাছে একটি বর্জ্য তেল সংগ্রহ প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া ২০ কোটি টাকা ব্যয়ে আগামী দুই বছরের মধ্যে জাহাজ থেকে বর্জ্য তেল সংগ্রহের জন্য একটি বর্জ্য তেলবাহী জাহাজ কেনার চেষ্টা চলছে। তিনি জানান, এ বন্দরে বছরে দুই হাজার জাহাজ আসা-যাওয়া করে এবং প্রায় ১০ লাখ টিইইউ'স (প্রতিটি কন্টেইনার ২০ ফুট দীর্ঘ হিসাব করে) কন্টেইনার ওঠানামা করা হয়। এ বিশাল কার্যক্রম চালাতে গিয়ে চবক আইএমও'র সব নিয়ম কানুন মেনে চলছে। 'বন্দর বিক্রি হচ্ছে' সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর এমন অভিযোগ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে আর ইউ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দরের দক্ষতা এবং সুনাম বৃদ্ধির জন্য যা যা করণীয় তা করা হচ্ছে। বন্দরের যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে তা ধরে রাখার জন্য বিভিন্ন ইতিবাচক ও উন্নয়নমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। এনিয়ে কোনো ধরনের অপবাদ দেয়ার সুযোগ নেই।" অন্যান্যের মধ্যে বন্দর সদস্য (মেরিন ও হারবার) ক্যাপ্টেন ইয়াহইয়া সাঈদ, সদস্য (পরিকল্পনা) প্রকৌশলী হাদী হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিপিং লাইনের কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন। বন্দর কর্তৃপক্ষের জ্যেষ্ঠ প্রশিক্ষণ কর্মকর্তা হালিমা বেগম এবং মেরিন কেয়ার কনসালটেন্স বাংলাদেশের জ্যেষ্ঠ সার্ভেয়ার ক্যাপ্টেন জিল্লুর রহমান অনুষ্ঠানে দুটি প্রবন্ধ পড়েন। নিরাপদ ও দক্ষ আন্তর্জাতিক সমুদ্র গড়ে তোলার লক্ষ্যে ১৯৫৮ সালে গঠিত হয় ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। আইএমও'র উদ্যোগে ১৯৭৮ সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব নৌ দিবস। বাংলাদেশসহ ১৬২টি দেশ আইএমও এর সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএইচবি/১৯২৯ ঘ.