রংপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের উত্তম হাজিরহাটে বুধবার মধ্যরাতে ট্রাকচাপায় এক রিকশা চালক ও দুই আরোহী নিহত হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর সড়কে একটি নৈশ কোচ ও দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। জনতার অবরোধের কারণে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ঠাকুরগাও থেকে রংপুরগামী একটি ধান বোঝাই ট্রাক উত্তম হাজিরহাট এলাকায় একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক কোরবান আলী (১৬), যাত্রী আরিফ (২২) ও লাবু (২৫) তিনজন নিহত হন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে এবং ধান বোঝাই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঠাকুরগাও থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্রুত বেগে চলে যাওয়ার সময় মহাসড়কে থাকা বিদ্যুত (২৫), নাসির (২৪) ও বিডিআর সদস্য আব্দুর রহিমকে চাপা দিলে তারা আহত হন।
এরপর এলাকার লোকজন আরো ক্ষুব্ধ হয়ে শ্যামলী পরিবহনের বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। একই সময় পঞ্চগড় থেকে আসা আরেকটি ট্রাকেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোর ৪টা পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কে সকল যান চলাচল বন্ধ ছিল। পরে রংপুর থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
কোতয়ালি থানার দারোগা হুমায়ুন রেজা জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৪৮ ঘ.
bdnews24