২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮ গুঁড়োদুধে মেলামাইন: সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে

দেশে প্রচলিত ৮টি শীর্ষ ব্র্যান্ডের গুঁড়োদুধে বিষাক্ত রাসায়নিক মেলামাইনের অস্তিত্ব সম্পর্কে পরীক্ষায় দু'ধরণের রিপোর্ট মেলায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রচলিত ৮টি শীর্ষ ব্র্যান্ডের গুঁড়োদুধে বিষাক্ত রাসায়নিক মেলামাইনের অস্তিত্ব সম্পর্কে পরীক্ষায় দু'ধরণের রিপোর্ট মেলায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব। দেশে পণ্যের মান নজরদারির দায়িত্বে নিয়োজিত সর্বোচ্চ প্রতিষ্ঠান বিএসটিআই এর সুপারিশে এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ বৃহস্পতিবার বলেন আগামী রোববারের মধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে। বিএসটিআই'র সুপারিশ হাতে পাওয়ার কথা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দু'টি পরীক্ষাগারের রিপোর্ট হচ্ছে একটি ব্র্যান্ডের দুধে মেলামাইনের অস্তিত্ব রয়েছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পরীক্ষাগারে ৮টি ব্র্যান্ডেই এর প্রমাণ পাওয়া গেছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পরীক্ষায় মেলামাইনের অস্তিত্ব ধরা পড়া ৮টি ব্র্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার ডিপ্লোমা, রেডকাউ, ডেনমার্কের ডানো ফুলক্রিম, চীন থেকে আমদানিকৃত ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২, নিউজিল্যান্ডের নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট এবং অ্যানলিন। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই'র পরীক্ষাগার এবং প্লাজমা প্লাস নামে বেসরকারি একটি পরীক্ষাগারে এর মধ্যে শুধু একটি ব্র্যান্ডে (ইয়াশলি-১) মেলামাইন চিহ্নিত হয়েছে। এর আগে বিএসটিআই এর মহাপরিচালক মো.আজমল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়কে এত বড় পার্থক্যের বিষয়টি অবহিত করে তিনটি পরীক্ষার ফলাফলই তাদের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, "বিশেষজ্ঞদের নিয়ে এ ফলাফল পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।" বিএসটিআই মহাপরিচালক বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পরীক্ষাগারে ৮টি ব্র্যান্ডের গুঁড়ো দুধের নমুনা পরীক্ষা করে বিষাক্ত মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে। তবে বিএসটিআই এর ল্যাবরেটরিতে পরীক্ষা করে এই ৮টির মধ্যে ৭টি ব্র্যান্ডের দুধেই মেলামাইন পাওয়া যায়নি। একইভাবে প্লাজমা প্লাস নামের বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করেও সাতটি ব্র্যান্ডের দুধে এ রাসায়নিকের সন্ধান পাওয়া যায়নি"। ইতিমধ্যেই বাজার থেকে বিএসটিআই এর সংগ্রহ করা ৩৬টি ব্র্যান্ডের মধ্যে এই ৮টি সহ মোট ১৫ টি দুধ পরীক্ষা করা হয়ে গেছে বলে জানান মহাপরিচালক। অন্যদিকে 'প্লাজমা প্লাস' ১১ টি ব্র্যান্ড পরীক্ষার কাজ শেষ করেছে। বয়স্কদের জন্য আমদানি করা দুধ বিএসটিআই এর ল্যাবরেটরিতে পরীক্ষা করা বাধ্যতামূলক নয় জানিয়ে মহাপরিচালক বলেন সেখানে শূন্য থেকে ১০ বছর পর্যন্ত শিশুর খাদ্য গুঁড়ো দুধ পরীক্ষা করা হয়। তবে এখন থেকে সব দুধই যাতে বিএসটিআই এর ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় সে জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান। আমদানি করা গুঁড়ো দুধ পরীক্ষা করা হয় কি না এবং মেলামাইন পাওয়া গুঁড়ো দুধের ব্র্যান্ডগুলো বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে কি না এ প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুঁড়ো দুধে মেলামাইনের অস্তিত্বের বিষয়টি আগে জানা ছিল না। তবে চীনে এ বিষয়টি প্রকাশ পাওয়ায় গুঁড়ো দুধ পরীক্ষা করা জরুরি হয়ে পড়েছে।" এখন পর্যন্ত এসব ব্র্যান্ডের দুধ নিষিদ্ধ বা বাজার থেকে তুলে নেওয়ার জন্য 'কাউকে বলা হয়নি' উল্লেখ করে সচিব বলেন, আগামী রোববার অনুষ্ঠেয় বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।" প্লাস্টিক পণ্য উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক মেলামাইন মিশ্রিত দুধপান করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চীনে প্রায় ৬০ হাজার শিশু অসুস্থ হওয়ার খবরে দুনিয়াজুড়ে হই চই পড়ে যায়। চীনে অন্তত ৩টি শিশুর মৃত্যুও হয়। দুধে মেলামাইনের কারণে ওই শিশুদের কিডনি অকেজো হয়ে যাওয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এডি/এসকে/১৮২৭ঘ.