২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট নিরসনে রাজধানীতে পার্কিংয়ে নতুন নীতিমালা আসছে

ঢাকা মহানগরীর যানজট নিরসনে আগামী একমাসের মধ্যে শহরের ভেতরে গাড়ি পার্কিংয়ে নতুন নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। এছাড়া, ঢাকা শহরের ভেতরে চলাচলকারী ছোট বাস পর্যায়ক্রমে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর যানজট নিরসনে আগামী একমাসের মধ্যে শহরের ভেতরে গাড়ি পার্কিংয়ে নতুন নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। এছাড়া, ঢাকা শহরের ভেতরে চলাচলকারী ছোট বাস পর্যায়ক্রমে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছোট বাসের বিকল্প হিসেবে ঢাকা শহরে বেসরকারি মালিকানায় দু'শটি ও বিআরটিসির ব্যবস্থাপনায় তিনশ বড় বাস নামানো হবে। ঢাকার মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে সাচবালয়ে তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সভার বিভিন্ন সিদ্ধান্ত জানিয়ে বলেন, ঢাকা মহানগরী যানজট সৃষ্টি করছে এমন ৬৫টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্টে এখন স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে জ্যেষ্ঠ কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন। তিনি জানান, রাজধানীতে ২৫৯টি পার্কিং পয়েন্ট চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন স্থানে 'বাস স্টপ ও বাস বে' চিহ্নিত করা হয়েছে। ঢাকার বিভিন্ন সড়কের ফুটপাতের সঙ্গে আড়াআড়িভাবে গাড়ি পার্কিংয়ের নিয়ম করা হচ্ছে। নিয়ম অমান্য বা নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্কিং করলে জরিমানা করা হবে জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, "জরিমানাসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে একটি পার্কিং নীতিমালা করার কাজ এগিয়ে চলেছে।" সরকারি ছুটির দিন ছাড়া অন্যদিনে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা শহরের ভেতরে ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকরের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, "ঢাকা মহানগরীতে বর্তমানে চলাচলকারী প্রায় এক লাখ ২৫ হাজার গাড়ির মধ্যে প্রায় ১৫ শতাংশই অবৈধ, লাইসেন্সবিহীন এবং চলাচলের অযোগ্য চিহ্নিত করা হয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে যাত্রী ছাউনিতে থাকা দোকান অপসারণেও পদক্ষেপ নেওয়া হবে।" আবদুল করিম জানান, ঢাকার ভেতরে ১৩৮টি অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিভিন্ন বাসের রুট কমিয়ে ৪০টিতে আনা হয়েছে। ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে আগামী ২০ অক্টোবর থেকে এটি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাসের টিকেট কাউন্টারের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে এসব কাউন্টারের সামনে বেশিক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/১৮০৯ ঘ.