২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় উপচানো আদালতে খালেদা

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাজিরা দিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার মহানগর বিশেষ দায়রা জজ আদালতে উপস্থিত হয়েছেন। (বিস্তারিত জানতে গ্রামীণ, একটেল ও বাংলালিংক ফোন থেকে ডায়াল করুন ২৩২৪- এ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 06:04 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাজিরা দিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার মহানগর বিশেষ দায়রা জজ আদালতে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় তিনি বিচারপতি মো: আজিজুল হকের আদালতে হাজির হন। খালেদা ছাড়াও মামলার আসামী জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও এমকে আনোয়ার আদালতে উপস্থিত হয়েছেন। খালেদাকে বহনকারী গাড়িবহর পুরান ঢাকার আদালত পাড়ায় এসে পৌঁছালে রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। বিএনপি দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই আদালত প্রাঙ্গণে সমবেত হন। এছাড়া নর্থ সাউথ রোড, ইংলিশ রোড এবং আদালত সড়ক ভিক্টোরিয়া পার্ক, শাখারি বাজার সড়কসহ সব সড়কের দুই পাশে শত শত মানুষ অবস্থান নেয় খালেদাকে দেখার জন্য। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যব্যস্থা বসানো হয়েছে। জেলা দায়রা জজ আদালতের সিঁড়িতে মেটাল ডিটেক্টরও বসনো হয়েছে। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। আদালত চত্বরে পুলিশ ছাড়া র‌্যাব সদস্যও মোতায়েন করা হয়েছে। গুলশান অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) রেবেকা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত চত্বরে কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ মোট ৫৯৩ জনকে মোতায়েন করা হয়েছে। খালেদাকে স্বাগত জানাতে কয়েকশ আইনজীবী ছাড়াও বিএনপি নেতা আ স ম হান্নান শাহ, অধ্যাপিকা সারোয়ারি রহমান, সাবেক সাংসদ মো: শাহজাহান, বরকতউল্লাহ বুলু, শহীদুল ইসলাম মাস্টার, ইলিয়াস আলী, শিরিন সুলতানাসহ শতাধিক কেন্দ্রীয় নেতা ও সাংসদ আদালত প্রাঙ্গণে উপস্থিত আছেন। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। এতে খালেদা জিয়াসহ ১৬ জনকে আসামি করা হয়। গত ৫ অক্টোবর এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। খালেদা জিয়া ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন- চার দলীয় জোট সরকারের সাবেক নয় মন্ত্রী সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক ও আলতাফ হোসেন চৌধুরী; সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন; সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম; পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান; বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১১৫৫ ঘ.