ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুলিয়া জারি থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, "প্রধান উপদেষ্টার সঙ্গে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বৈঠক নিয়ে আমরা উদ্বিগ্ন। একজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থেকে প্রমাণ হয় দেশে আইনের শাসন নেই।"
তিনি বলেন "সরকারের এই আশ্রয়নীতি সন্ত্রাসীদের তৎপরতাকে উৎসাহিত করবে।"
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির চতুর্থ জাতীয় সম্মেলন উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ব্যারিস্টার শফিক। তিনি গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতিও।
ব্যারিস্টার শফিক জরুরি অবস্থা বহাল রেখে অবাধ, নিরপেক্ষে ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন।
মামলাজটের অন্যতম প্রধান কারণ হিসেবে এই আইনজীবী বেঞ্চ গঠনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার অভাবকে দায়ী করেন।
আইনজীবীদের প্রতি আগামী ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠেয় গণতান্ত্রিক আইনজীবী সমিতির চতুর্থ জাতীয় সম্মেলনকে সফল করার আহবান জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল বারি, অ্যাডভোকেট এম এ সবুর, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৪৭ ঘ.
bdnews24