২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপাকে আসন ছাড়তে রাজি নয় রংপুর আ. লীগ

মহাজোট হলেও রংপুরে জাতীয় পার্টিকে (জাপা) আসন ছাড়তে রাজি নয় স্থানীয় আওয়ামী লীগ। বুধবার এ সংবাদ সম্মেলন করে আগামী সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

রংপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট হলেও রংপুরে জাতীয় পার্টিকে (জাপা) আসন ছাড়তে রাজি নয় স্থানীয় আওয়ামী লীগ। বুধবার এ সংবাদ সম্মেলন করে আগামী সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে তারা। মহাজোটের প্রার্থী হিসেবে রংপুরে এইচএম এরশাদের জাতীয় পার্টির নেতাদের পরিচয় করিয়ে দেওয়ার সমালোচনাও করেছেন আওয়ামী লীগ নেতারা। সংবাদ সম্মেলনে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ বলেন, "রংপুরের ছয়টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার জন্য আমরা মহাজোট নেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাব। আমাদের জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এককভাবে নির্বাচন করলেও আওয়ামী লীগ এবার এখানে ভালো ফলাফল পাবে।" সাবেক সামরিক শাসক এরশাদের এলাকা রংপুরে জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান রয়েছে। ২০০১ সালের সংসদ নির্বাচনেও ছয়টি আসনে বিজয়ী হয় জাপা প্রার্থীরা। এরা হলেন- রংপুর-১ এ মশিউর রহমান রাঙ্গা, রংপুর-২ এ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ এ জিএম কাদের, রংপুর-৪ এ করিমউদ্দিন ভরসা, রংপুর-৫ এ শাহ সোলায়মান আলম এবং রংপুর-৬ এ নূর আহম্মেদ মণ্ডল। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রংপুর-৬ আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। বিভিন্ন এলাকায় জাপা প্রার্থীকে মহাজোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সমালোচনা করে আওয়ামী লীগ নেতা মনসুর বলেন, " মহাজোটের নেত্রী শেখ হাসিনা। তাই এরশাদ মহাজোটের প্রার্থী হিসেবে কাউকে পরিচয় করিয়ে দিতে পারেন না।" মহাজোট থেকে কেন্দ্রীয়ভাবে রংপুরের ছয় আসন জাপাকে ছেড়ে দেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগ কী করবে- সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান সংবাদ সম্মেলন আয়োজনকারীরা। তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রাজু বলেন, "নির্বাচনী কৌশল হিসেবে জাপাসহ অন্যান্য দলের সঙ্গে মহাজোট হতে পারে। শেখ হাসিনা যা সিদ্ধান্ত নেবেন, আমরা তা মানব। তবে আমরা চাই, রংপুরে আমাদের যারা যোগ্য প্রার্থী রয়েছে, তাদের মূল্যায়ন হোক।" ২০০১ সালের নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শরফ উদ্দিন আহম্মেদ ঝটু বলে, "রংপুরে এরশাদের আগের অবস্থা আর নেই। এরশাদের প্রয়োজন আছে কিনা, তা শেখ হাসিনা দেশে ফেরার পর তিনিই সিদ্ধান্ত নেবেন।" সংবাদ সম্মেলনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি, তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি শাহ আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ ০সম্পাদক ইলিয়াছ আহাম্মেদ, যুগ্ম আহবায়ক মোছাদ্দেক হোসেন বাবলু, রোজি রহমান, ইরা হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.