ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শিক্ষার প্রসারের লক্ষ্যে একটি বিশেষায়িত টেলিভিশন চ্যানেল চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ ব্যাপারে শিগগিরই অগ্রগতির আশা করছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক খান।
রাজধানীর নায়েম মিলনায়তনে বুধবার 'বিশ্ব শিক্ষক দিবস' -এর সেমিনার শেষে মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার ব্যাপারে ইতোমধ্যেই আমরা আলোচনা শুরু করেছি। এ বিষয়ে শিগগিরই অগ্রগতি হবে বলে আশা করছি।"
'বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন' আয়োজিত ওই সেমিনারে দেশে একটি শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ।
তিনি বলেন, "দেশের মানুষকে শিক্ষাদান ও বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য একটি শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার ব্যাপারে সরকারকে আমি অনুরোধ করছি। যৌথভাবে বিটিভির ফ্রিকোয়েন্সি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যামেরা ব্যবহার করে এই চ্যানেল করা যেতে পারে।"
এ ব্যাপারে জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, "কীভাবে চ্যানেলটি চালু করা হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।"
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোজাফফর উন্নত শিক্ষাদান, শিক্ষক রাজনীতি, শিক্ষক-অভিভাবক সম্পর্ক, শিক্ষা উপকরণ ও বিজ্ঞানমনস্ক শিক্ষকের অপ্রতুলতা ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করেন।
কোরিয়া, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে শিক্ষা বাজেট বাড়ানোর দৃষ্টান্ত টেনে তিনি বলেন, "দেশে শিক্ষাখাতে বরাদ্দের অধিকাংশ ব্যয় হয় ভৌত অবকাঠামো ও বেতন ভাতা খাতে। শিক্ষা উপকরণের জন্য তেমন কিছু করা হয় না।"
দেশে সামাজিক অবক্ষয় ও অনুন্নয়নের জন্য শিক্ষার নিম্নমানকে দায়ী করে সেমিনারে বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহ বলেন, "এখন ভালো শিক্ষক না পাওয়ার একটা কারণ আর্থিক সঙ্কট, আর অন্যটি শিক্ষককে স্বাধীনতা না দেওয়া।"
অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি মালামা মিলেশিয়া উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এসকে/১৬৩৭ঘ.
bdnews24