ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মামলার 'ফেরারি আসামী' জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার না করে তত্ত্বাবধায়ক সরকার তার সঙ্গে বৈঠক করায় আইনের শাসন লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক মোজাফফর আহমেদ।
বুধবার রাজধানীর নায়েম মিলনায়তনে 'বিশ্ব শিক্ষক দিবস'-এর সেমিনার শেষে পুলিশের চোখে 'পলাতক' জামায়াত নেতা মুজাহিদের সঙ্গে প্রধান উপদেষ্টার মঙ্গলবারের বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে সমান চোখে দেখতে হবে। এক্ষেত্রে সেটা লঙ্ঘিত হয়েছে বলে মনে হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের উত্তরে দুর্নীতির নজরদারি সংগঠন ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের প্রধান বলেন, "এক্ষেত্রে মনে হচ্ছে বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সময়মতো নির্বাচন করতে গিয়ে সরকারকে ছাড় দিতে হচ্ছে। তবে যেসব বিষয়ে সমঝোতা করা হচ্ছে, সেসব বিষয়ে সরকারের ভূমিকা পরিস্কার করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৬২৩ঘ.
bdnews24