২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩০ যুদ্ধাপরাধীর নাম প্রকাশ করেছেন মাগুরার মুক্তিযোদ্ধারা

একাত্তরে মাগুরায় যুদ্ধাপরাধে জড়িত ১৩০ জনের নাম প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের এ তালিকা প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের মাগুরা জেলা ইউনিট এটি তৈরি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

মাগুরা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মাগুরায় যুদ্ধাপরাধে জড়িত ১৩০ জনের নাম প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের এ তালিকা প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের মাগুরা জেলা ইউনিট এটি তৈরি করেছে। মুক্তিযোদ্ধা সংসদের নেতারা বলেছেন, এটা মাগুরার যুদ্ধাপরাধীদের আংশিক তালিকা। পরে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধা সংসদের মাগুরা কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তালিকা পড়ে শোনান জেলা কমান্ডার নাজমুল হাসান ইকু। জেলা ইউনিটের উপ কমান্ডার মিয়া আব্দুল হালিম মিরাজ ও সদর থানা কমান্ডার মো. জহুর-ই-আলম ওই সময় উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদের যুদ্ধাপরাধীদের তালিকায় থাকা উল্লেখযোগ্যরা হচ্ছে- ইসলামী ছাত্র সংঘের সাবেক সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রিজু (মৃত), সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মতিন, রাজাকার কমান্ডার সৈয়দ ওবায়দুল্লাহ, কুশাবাড়ীয়ার পীর আমজাদ হোসেন, শহরের কাউন্সিলপাড়ার সিরাজুল ইসলাম (মৃত), সামসুল আলম, সাবেক প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার মশিউল আজম (মৃত), জেলাপাড়ার অ্যাডভোকেট সামসুজ্জোহা (মৃত), মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক হাবিবুর রহমান, কলেজপাড়ার আলী মোর্তজা, বিএনপি নেতা নাজিমুদ্দিন প্রমুখ। তালিকায় একাত্তরে শান্তি কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হাসানের বাবা মুনসুর আলীর নাম না থাকায় সাংবাদিকরা প্রশ্ন তোলেন। তখন নাজমুল হাসান বলেন, "আমার বাবা শান্তি কমিটিতে ছিলেন, এটা সত্য। তবে খুন, ধর্ষণ, লুটপাটে জড়িত ছিলেন না। মুক্তিযোদ্ধা পরবর্তী সময়ে তাদের নামে কোনও মামলা হয়নি।" তিনি বলেন, "যুদ্ধের সময় বাবার মুখোমুখি হলে তাকে হয়তো গুলি করতাম। কিন্তু এখন তো তা সম্ভব নয়।" ডেপুটি কমান্ডার আব্দুল হালিম বলেন, "এটা যুদ্ধাপরাধীদের নামের প্রাথমিক তালিকা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই-বাচাই করে পরবর্তী সময়ে আরও নাম এতে অন্তর্ভুক্ত হবে।" সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.