ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। বিশ্বজুড়ে দৃষ্টিহীনদের অধিকার সম্পর্কে সচেতন করতে ১৯৭০ সাল থেকে বিশ্ব সাদা ছড়ি দিবস পালন শুরু হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়েজিত সংবাদ সম্মেলনে জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন জানান, গোটা বিশ্বের প্রায় সাড়ে চার কোটি মানুষ মানুষ অন্ধ। এদের প্রায় ৯০ শতাংশই উন্নয়নশীল দেশগুলোতে বাস করে। শুধু বাংলাদেশই অন্ধের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ।
সম্মেলনে জানানো হয়, বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বুধবার সকাল ১০টায় সমাজসেবা ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সকাল সাড়ে ৯টায় বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের প্রায় ১৫ কোটি ৩০ লাখ মানুষ দৃষ্টির সমস্যা নিয়ে বেঁচে রয়েছে। তবে এদের মধ্যে ৭৫ শতাংশের সমস্যা নিরাময়যোগ্য।
বাংলাদেশে চোখের সমস্যায় আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই গ্রামাঞ্চলে বসবাস করে। অথচ চোখের চিকিৎসকদের মধ্যে ৯০ শতাংশই থাকেন বিভিন্ন বড় শহরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২১২৫ঘ.
bdnews24