ঢাকা, সেপ্টম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক শামসুন্নাহার বেগমকে টাঙ্গাইলের বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে।
গত বছর ৬ মে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম কোনো বিচারককে বদলি করা হলো।
বিশেষ জজ আদালত- ৪ এ নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের বিশেষ জজ জেসমিন নাহার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ২৩ এপ্রিল শামসুন্নাহারকে বদলির আদেশ দেয়। তবে ছেলের পরীক্ষার কারণে ওই আদেশ স্থগিত করা হয়।
বিশেষ জজ আদালত- ৪ এর এক কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী বৃহস্পতিবার দুই বিচারক নতুন কর্মস্থলে যোগ দেবেন।
বিশেষ জজ আদালতে নিয়োগ পাওয়ার আগে শামসুন্নাহার বেগম নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/২১১৭ ঘ.
bdnews24