ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণের গেজেটের কার্যকারিতা স্থগিতের আদেশ খারিজের জন্য করা আবেদন হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য ফেরত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ আবেদনটি ফেরত দেয়।
নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, সীমানা পুনঃনির্ধারণের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চে শুনানির জন্য বিচারাধীন আছে। নির্বাচন কমিশন ওই বেঞ্চে আবেদনটির শুনানি ও নিষ্পত্তি চায়। ওই বেঞ্চে ১৯ অক্টোবর রিটটির ওপর শুনানি হবে।
সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা- ২ নবাবগঞ্জ আসনে বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান গত ৬ আগস্ট রিটটি করেছিলেন।
এর পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
নির্বাচন কমিশন ওই আদেশ খারিজের জন্য গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করে।
গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা প্রাথমিকভাবে পুনঃনির্ধারণ করে। এরপর ১০ জুলাই তিনশ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১১৪ ঘ.
bdnews24