গাজীপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকায় একটি পোশাক কারখানায় মঙ্গলবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ঢাকার কুর্মিটোলা, গাজীপুর ও টঙ্গী থেকে দমকলকর্মীরা এসে দুপুর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আমান উল্লাহ মিয়া জানান, ইস্ট-ওয়েস্ট নামের পোশাক কারখানার দ্বিতীয় তলার গুদামে সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত ছাড়া নির্ণয় করা সম্ভব নয় বলে তিনি জানান।
আমান উল্লাহ বলেন, আগুন ১৮ হাজার বর্গফুটের পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে কুর্মিটোলা স্টেশন থেকে দলকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে আসে।
দমকলকর্মীরা দুপুর ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে তিনি জানান।
এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও আমদানিকারকদের সমিতি (বিজেএমইএ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগুনে ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাতটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২০ কোটি টাকা দামের কাপড় পুড়ে গেছে বলে বিজেএমইএ দাবি করেছে।
তবে আগুনে কর্মরত শ্রমিকদের কোন ক্ষতি হয়নি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24