বরগুনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি না হওয়া আর এ বিষয়ে অভিযোগ না পাওয়া এক কথা নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, "কিছু রাজনৈতিক নেতা মুক্তি পাওয়ায় মনে করা যাবে না যে দুর্নীতিবিরোধী অভিযান বন্ধ হয়ে গেছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। ভবিষ্যতে এ অভিযান আরও গতিশীল হবে।"
মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, "ফাইল আটকে উৎকোচ নেওয়া আর অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি করা সমান অপরাধ। দায়িত্বে অবহেলা করাও এক ধরনের দুর্নীতি।"
দুর্নীতি বন্ধ করা যাবে না- এ ধরনের কোন কথা শুনতে চান না উল্লেখ করে হাসান মশহুদ বলেন, "প্রত্যেককে বলতে হবে- আমি দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে দেব না।"
তিনি মনে করেন, এমন প্রতিশ্র"তি দিয়ে সবাই কাজ করলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে।
সবাইকে আত্মশুদ্ধির মাধ্যমে দুর্নীতি দমনে এগিয়ে আসার আহ্বান জানান দুদক চেয়ারম্যান।
বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শাফায়েত হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- দুদকের গণসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. ওয়াজেদুর রহিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান প্রমুখ।
এর পর বরগুনা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন।
বরগুনা আসার পথে সকালে তিনি আমতলী উপজেলার ইউটিডিসি মিলনায়তনে একটি মতবিনিময় সভা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.
bdnews24