ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় চারটি অভয়াশ্রমের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় বুধবার থেকে ১০ দিনের জন্য ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশ ডিম দেয় বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো- উত্তর-পূর্বে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার শাহের আলী থেকে হাইতকান্দী পয়েন্ট, দক্ষিণ-পূর্বে কক্সবাজার জেলার উত্তর কুতুবদিয়া থেকে গন্ডামারা পয়েন্ট, উত্তর-পশ্চিমে ভোলা জেলার উত্তর তজমুদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট এবং দক্ষিণ পশ্চিমে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালি পয়েন্ট।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার মঙ্গলবার জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করলে দায়ী ব্যক্তিকে প্রথমবার এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া, দ্বিতীয় দফায় একই অপরাধের জন্য শাস্তির পরিমাণ দ্বিগুণ হবে।
মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মানিক লাল বলেন, আশ্বিণের বড় পূর্ণিমার পাঁচ দিন আগে ও পরে ইলিশ ডিম দেয় বলে প্রতি বছরের মতো এবারো এই সময় সংরক্ষিত এলাকায় ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত মৎস্য আহরণকারীরা নিয়ম অনুযায়ী ওই সময়ের জন্য সরকারের ভিজিএফ বা ভিজিডি কার্যক্রমের মাধ্যমে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পাবেন। এছাড়াও সরকারের একশ' দিনের কর্মসৃজন প্রকল্পের অধীনে তাদের কাজ দেওয়া হবে। কেউ কাজ না পেলে তাকে বিশেষ ভাতার আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সরকারের বিশেষ কার্যক্রমের কারণে গত অর্থবছরে দেশে মোট ইলিশের উৎপাদন হয়েছে দুই লাখ ৯০ হাজার টন, অথচ ২০০২-০৩ অর্থবছরে এর পরিমাণ ছিল এক লাখ ৯৯ হাজার টন।
মানিক লাল বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকায় ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ ও বিক্রি রোধে বিশেষ অভিযান চালানো হবে। নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সহায়তা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেবেন।
২০০৭ সালের জুলাই থেকে ছয় মাসের জন্য ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল, এ বছরও তা করা হবে কিনা- প্রশ্নের জবাবে বিশেষ সহকারী জানান, বর্তমানে ইলিশের পর্যাপ্ততা থাকায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়নি।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/১৮১৫ ঘ.
bdnews24