চাঁদপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে মুক্তিযোদ্বাদের ডুবিয়ে দেওয়া পাকিস্তানি জাহাজ এমভি আকরাম ডাকাতিয়া নদীর লন্ডনঘাট এলাকায় নেই। জাহাজটি কোথাও আছে সে ব্যাপারে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কিছু জানে না।
তবে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন তারা মঙ্গলবার সকালে জাহাজাটিকে নারায়ণগঞ্জের দিকে সরিয়ে নেওয়ার সময় মেঘনা নদীতে দেখেছেন।
চাঁদপুরের জেলা প্রশাসক আ ক ম শাহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "ডাকাতিয়া নদী থেকে ওঠানো এমভি আকরাম সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা কিছুই জানি না।"
বিআইডব্লিউটিএ কর্র্র্তৃপক্ষ এ বিষয়ে জেলা প্রশাসনকে কিছু জানায়নি এবং কোনো যোগাযোগও করেনি বলে তিনি দাবি করেন।
১৯৭১ সালের ৩০ অক্টোবর রাতে মুক্তিযোদ্ধারা মাইন বিস্ফোরণ ঘটিয়ে চাঁদপুরের ডাকাতিয়া নদীর 'লন্ডনঘাটে' নোঙর করা পাকিস্তানি সেনাদের খাদ্যবাহী এ জাহাজটি ডুবিয়ে দেয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী জাহাজটি সংরক্ষণ না করে সরিয়ে ফেলার ঘটনায় চাঁদপুরের মানুষের মধ্যে বিক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার চাঁদপুরের বিভিন্ন সংগঠন জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্ট, সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়কে স্মারকলিপি দিয়েছে। জেলা আইনজীবী সমিতি স্মারকলিপি দেওয়ার আগে আদালত চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এর আগে রোববার একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ওই দিনই জাহাজটি নদী থেকে তোলা হয়েছিল।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে চাঁদপুর ফেরার পথে স্থানীয় একজন সাংবাদিক এমভি আকরামকে সরিয়ে নিয়ে দেখেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, মেঘনায় তিনটি জাহাজকে তিনি এমভি আকরামকে নারায়ণগঞ্জের দিকে টেনে নিয়ে যেতে দেখেছেন। টেনে নেওয়া তিনটি জাহাজের মধ্যে দুটি নাম বলতে পেরেছেন তিনি। এ দুটি হলো- পিনাক ওয়ান ও এমভি ছায়াবীথি।
এছাড়া চাঁদপুরের শেষ সীমানা সাতনল এলাকার লোকজনও জাহাজটি সরিয়ে নিতে দেখেছেন বলে তিনি দাবি করেন।
বিআইডব্লিউটিএ'র চাঁদপুর অঞ্চলের পরিচালক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, তারা শুধু জাহাজটি উত্তোলনের খবর জানেন। কিন্তু জাহাজটি সরিয়ে নেওয়ার ব্যাপারে কিছুই জানেন না। এ ব্যাপারে তিনি ঢাকায় যোগাযোগের কথা বলেন।
বিআইডব্লিউটিএ এর ঢাকা কার্যালয়ের সিনিয়র উপ পরিচালক (উদ্ধার) মো. হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত বছর ১৩ নভেম্বর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জাহাজটি উত্তোলনের জন্য মেসার্স মোক্তার হোসেন এবং মেসার্স রফিকুল নামের দুটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়। কিন্তু জাহাজটি উত্তোলনের পর তারা লিখিতভাবে কিছু জানায়নি।
হোসেন খান বলেন, তিনি জাহাজটির বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানেন না।
মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য জাহাজটি ফেরতের দাবি জানিয়ে চাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটি, চাঁদপুর প্রেসক্লাব, অঙ্গীকার বাংলাদেশ চাঁদপুর, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কমিটি।
স্মারকলিপি দেওয়ার আগে আদালত চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালনকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, মুুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নকে ধ্বংস করার জন্য একটি মহল জাহাজটি রাতের আঁধারে সরিয়ে ফেলেছে।
তিনি অবিলম্বে জাহাজটি চাঁদপুরে এনে তা সংরক্ষণের দাবি জানান।
বিভিন্ন সংগঠনের স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জাহাজটি চাঁদপুরে সংরক্ষণ করা হলে ভাল হত বলেও তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৬ ঘ.
bdnews24