শেরপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলার রায়ে মঙ্গলবার সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে শেরপুরের দায়রা জজ আদালত।
বিচারক মো. মুরশিদ আলম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- সিরাজ আলী (৪২), তার ভাই মিরাজ আলী (৪০) ও গিয়াস উদ্দিন (৪৫); সুরজ কামার (৬০) ও তার ছেলে আলমগীর (২২); শহীদুল (৪২) ও তার ভাই সুবহান (৩৯)।
এদের সবার বাড়ি সদর উপজেলার চুনিয়ার চর গ্রামে। একই গ্রামের মামুন কামারকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।
আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সাত আসামির প্রত্যেককে পাঁজ হাজার টাকা জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত সাত আসামিই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মন্তাজ কামার মামলা চলাকালে মারা যান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৩ আগস্ট মজনু কামারের ছেলে মামুন কামার সিরাজ আলীর কাছে পাওনা এক হাজার টাকা চাইতে গেলে তা নিয়ে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যায় মামুন।
নিহতের স্ত্রী সালমা আক্তার বাদি হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24