২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের জেরে ভিক্টোরিয়া কলেজ ছাত্রাবাস বন্ধ

কুমিল্লা রেল স্টেশনে ভিক্টোরিয়া কলেজের ছাত্রদের সঙ্গে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের জের ধরে সোমবার কলেজের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

কুমিল্লা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা রেল স্টেশনে ভিক্টোরিয়া কলেজের ছাত্রদের সঙ্গে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের জের ধরে সোমবার কলেজের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা সাতটার মধ্যে সব ছাত্রকে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্নাতক শ্রেণীর সব ক্লাশ স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সংঘর্ষে কয়েকজন ছাত্র সামান্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশনে তিন ঘণ্টা আটকে ছিল। ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ ড. আবু সালেহ জাফর আহাম্মদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই জরুরি সভায় কলেজের সকল ক্লাশ স্থগিত এবং কাজী নজরুল ইসলাম ছাত্রবাস বন্ধ করে দেওয়া হয়েছে। কুমিল্লার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি জানান, জালালাবাদ এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম যাওয়ার জন্য ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষের ছাত্র শহিদুল ইসলাম সকালে স্টেশনে আসে। টিকেট কাটা নিয়ে এ সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। নিরাপত্তা কর্মীরা এ সময় তাকে মারধর করে। এ খবর ভিক্টোরিয়া কলেজে পৌঁছলে কয়েকশ ছাত্র রেল স্টেশনে ছুটে যায়। তারা জালালাবাদ এক্সপ্রেস ট্রেন এবং স্টেশনে ভাঙচুর চালায়। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ কারণে জালালাবাদ এক্সপ্রেস কুমিল্লা স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে ৩ ঘণ্টা আটকে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে এটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ ও ম্যাজিস্ট্রেট আতাউল গণি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.