ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জন ও দুর্নীতির অভিযোগে বিএনপি দলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্র নাথ সাহা, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে বিএনপিপন্থী চিকিৎসক নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ওর্য়াড কাউন্সিলর মো. সলিমউল্লাহ সলুর বিরুদ্ধেও মামলা হবে।
সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি জানান, ধীরেন্দ্র নাথ সাহার বিরুদ্ধে মামলায় ৯ লাখ ৪৯ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ২০ লাখ ৯২ হাজার ১৩৯ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হবে।
সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে ১১ লাখ ৯ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ এক কোটি ৩ লাখ ২৬ হাজার ৪৬৬ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগে মামলা হবে।
অবৈধভাবে প্রভাষক নিয়োগ করে সরকারের ২ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ নাটোরের গুরুদাসপুর কাঢিকাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মো. মোজাম্মেল হকসহ ৯ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করবে কমিশন।
বিএনপিপন্থী ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা করা হবে ক্ষমতার অপব্যাবহার ও প্রতারণার মাধ্যমে শিশু হাসপাতাল লটারির প্রথম পুরস্কারের ৩০ লাখ টাকা উত্তোলনের অভিযোগে।
এছাড়া ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলুর বিরুদ্ধে মামলায় ৫ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হবে।
একই অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রিন্সিপাল এপ্রাইজার মো. আব্দুল মজিদ ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধেও মামলা করা হবে বলে মহাপরিচালক জানান।
হানিফ ইকবাল জানান, দুর্নীতির অভিযোগে দায়ের করা আলাদা আলাদা মামলায় সাবেক টিএণ্ডটি বোর্ডের সিবিএ নেতা হারুন-অর-রশিদ, বান্দরবান জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. রুহুল আমিন, ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি চক্রবর্তীসহ ৫ জন ও সোনালী ব্যাংক বরিশাল বানারীপাড়া শাখার প্রহরী মো. শহিদুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২১০৫ ঘ.
bdnews24