২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগরীর বস্তি এলাকায় স্যানিটেশন কার্যক্রম পিছিয়ে

২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী সবার জন্য স্যানিটেশনের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও সরকার ২০১০ সালের মধ্যেই সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তবে মহানগরীগুলোর বস্তি এলাকায় স্যানিটেশনের কাজ পিছিয়ে আছে বলে স্বীকার করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী সবার জন্য স্যানিটেশনের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও সরকার ২০১০ সালের মধ্যেই সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তবে মহানগরীগুলোর বস্তি এলাকায় স্যানিটেশনের কাজ পিছিয়ে আছে বলে স্বীকার করেছেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার জাতীয় স্যানিটেশন মাস-২০০৮ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে উপদেষ্টা ইকবাল বলেন, "২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী সবার জন্য স্যানিটেশনের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও বাংলাদেশ ২০১০ সালের মধ্যেই এ কাজ শেষ করতে চায়। ইতোমধ্যে বাংলাদেশের প্রায় ৮৮ শতাংশ এলাকার স্যানিটেশন কার্যক্রমের আওতায় এসেছে।" "তবে সিটি কর্পোরেশন এলাকার বস্তিগুলোতে এ কার্যক্রম তেমনভাবে সফল করা সম্ভব হচ্ছে না", বলেন তিনি। উপদেষ্টা জানান, সিটি কর্পোরেশনগুলোর ৮৫ শতাংশ এলাকায় স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "বস্তিগুলোর উন্নয়নে সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোও কাজ করছে। বস্তিগুলোর জন্য ইকো-স্যান পদ্ধতির পায়খানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। কুমিল্লার বার্ডের (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি) উদ্ভাবিত ওই পদ্ধতিতে মানুষের মল-মূত্র থেকে জৈব সার উৎপাদন করা সম্ভব। সরকার ইতোমধ্যে দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে একজন করে কৃষকের বাড়িতে ইকো-স্যান টয়লেট স্থাপন করেছে।" আনোয়ারুল ইকবাল বলেন, "আমাদের বস্তিগুলোর প্রধান সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি সঙ্কট বাংলাদেশসহ বিশ্বব্যাপী একটি বাস্তবতা। তাই আন্তর্জাতিক মান বিবেচনা না করে আমাদের দেশীয় চাহিদা ও বাস্তবতার মধ্যেই এগিয়ে যেতে হবে।" ঢাকা শহরে গণশৌচাগারের (পাবলিক টয়লেট) অপ্রতুলতার কথা স্বীকার করে আনোয়ারুল ইকবাল বলেন, "ঢাকা মহানগরীতে এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মহিলা পুলিশ নামানো হয়েছিল। কিন্তু একমাত্র গণশৌচাগার ব্যবস্থা না থাকায় তাদের তুলে নিতে হয়েছে। বর্তমানে ঢাকা শহরে এমন অবস্থা হয়েছে, সিটি কর্পোরেশন গণশৌচাগার স্থাপনের জায়গা পাচ্ছে না। ঢাকা মহানগরী অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।" উপদেষ্টা আরও বলেন, "সার্বিক স্যানিটেশনের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের উপকারিতা এখনও মানুষ যথাযথভাবে অনুধাবন করছে না। একইসঙ্গে ভূ-প্রকৃতির বিবেচনায় লাগসই ও সাশ্রয়ী পায়খানা স্থাপন প্রযুক্তির প্রসার ঘটাতে হবে।" স্থানীয় সরকার বিভাগের সচিব শেখ খুরশীদ আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মুস্তাফিজুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব লোকমান হাকিম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমআই/১৮০৮ ঘ.