ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি কার্গো ডুবে সোমবার চার জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে এক শিশুসহ আরও তিন জন।
সোমবার ভোরে ঢাকা উদ্যানের পেছনে নদীতে অন্য একটি কার্গোর ধাক্কায় মুক্তাদির-২ নামে কার্গোটি (মালবাহী এ নৌযান 'ভলগেট' নামেও পরিচিত) ডুবে যায়। ঘটনার পরপরই এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
মুক্তাদির-২ মুন্সীগঞ্জের গজারিয়া থেকে বালু নিয়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে যাচ্ছিল। শ্রমিকসহ বেশ কয়েকজন যাত্রীও কার্গোটিতে ছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দমকল কর্মীরা উদ্ধার অভিযান স্থগিত করা পর্যন্ত যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলেন- রাকিব (৫), তার মা নয়নতারা (৪০), সাবিহা (৪০), তার মা হাজেরা বিবি (৬০)।
নিখোঁজরা হলেন- মিলন (৪৫), তার ছেলে আকাশ (৪) এবং কার্গোর বাবুর্চি মিলনের চাচাতো ভাই বাবু (১৭)।
মঙ্গলবার উদ্ধার অভিযান আবার শুরু হবে।
ডুবে যাওয়ার কার্গোর আরোহী কামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫টার দিকে গাবতলী থেকে আসা একটি কার্গোর ধাক্কায় আমাদের কার্গো ডুবে যায়।"
দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরেক শ্রমিক আলকাস জানান, কার্গোতে মোট ৪০ জন আরোহী ছিলেন। সাত জন ছাড়া অন্যরা সাঁতরে তীরে ওঠেন।
ডুবে যাওয়ার পরপরই শিশু রকিবের লাশ স্থানীয়রা উদ্ধার করে। দুপুরে দমকল বাহিনীর ডুবুরিরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
দুপুরের পর নয়নতারা, সাবিহা ও হাজেরার লাশ পাওয়া যায়।
কামাল মিয়া বলেন, "আমরা গজারিয়া থেকে বালু নিয়ে ঢাকা উদ্যানে নিয়ে আসছিলাম। ৪ নম্বর গেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। গাবতলী থেকে আসা এমভি গজারিয়া নামে একটি কার্গো ধাক্কা দেওয়ার পর আমাদের কার্গোর ওপর দিয়েই চলে যায়। এতে আমাদের কার্গোটি ডুবে যায়।"
এদিকে পালিয়ে যাওয়া নৌযানটি পরে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা ঘাটের কাছে স্থানীয় লোকজন কার্গোটি আটকে ফেলে। পরে পুলিশ গিয়ে তা আটক করে।
কার্গোর চালক (সুকানি) জাহিদুল ইসলাম এবং কর্মী (লস্কর) ইব্রাহিম মিয়াকেও আটক করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। আটক কার্গোটির মালিক রাসেল এন্টারপ্রাইজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24