২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দল নিবন্ধনের সময় পাঁচ দিন বাড়লো

চার দলীয় জোটের চাপের মুখে রাজনৈতিক দল নিবন্ধনের শেষ সময় পাঁচ দিন বাড়িয়ে ২০ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে কমিশনের এক বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের, বলেন, "রাজনৈতিক দলগুলোর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের আবেদনের সময় ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।" (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোটের চাপের মুখে রাজনৈতিক দল নিবন্ধনের শেষ সময় পাঁচ দিন বাড়িয়ে ২০ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলগুলোর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অসুবিধার কথা বিবেচনা করে নিবন্ধনের আবেদনের সময় ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এরপর আর সময় বাড়ানো হবে না।" তিনি জানান, কমিশন ৩০ অক্টোবরের মধ্যে দলগুলোকে নিবন্ধনের সনদ দেয়াসহ এ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করবে। আর নভেম্বরের ২ তারিখের মধ্যে জাতীয় নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণা করা হবে। চার দলীয় জোটের দুই শরিক বিএনপি ও জামায়াত ইসলামী নিবন্ধনের সময়সূচি ৭ দিন বাড়ানোর জন্য রোববার সকালে আলাদাভাবে আবেদন করে। সোমবার একই আবেদন করে জোটের অন্য দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট। রোববার রাতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নিজের বাসায় জোটের মহাসচিবদের এক বৈঠকের পর বলেন, এই আবেদনের ব্যাপারে ২৪ ঘণ্টার মধ্যে কমিশনের জবাব চান তারা। ২৪ ঘণ্টা পুরো হওয়ার আগেই সোমবার বিকেলে কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের সময় পাঁচ দিন বাড়ানোর ঘোষণা দেয়া হলো। অবশ্য বিএনপি মহাসচিবের সময় বেঁধে দেয়ার ঘোষণাকে 'আল্টিমেটাম' হিসেবে দেখতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "তাদের সময় বেঁধে দেওয়ার বিষয়টিকে আমরা আল্টিমেটাম হিসেবে দেখছি না। তারা এক সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছে। আমরা ৫ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এই সময়ের মধ্যেই আগ্রহী সব রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করবে।" জরুরি অবস্থা প্রত্যাহার বিষয়ে রাজনৈতিক দলগুলোর দাবি প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "জরুরি অবস্থার কোন কেন বিধি প্রত্যাহার করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা মনে করি, সরকারের কাছে রাজনৈতিক দলগুলো তাদের অসুবিধা বা সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ধরবে। বিশেষ করে কোনো বিধি বিধান নিয়ে অসুবিধা থাকলে তা সরকারকে জানানো উচিত।" মঙ্গলবার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে রিটের চূড়ান্ত শুনানির পর রায় কমিশনের পক্ষে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, "নতুন সীমানায় আমরা নির্বাচন করতে চাই। আশা করি রায় আমাদের পক্ষেই আসবে।" গত ২৬ আগস্ট থেকে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়। এ পর্যন্ত শতাধিক রাজনৈতিক দল ১৪৫টি আবেদনপত্র নিয়েছে। সোমবার পর্যন্ত আবেদন জমা দিয়েছে ১১টি রাজনৈতিক দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/জেকে/জিএনএ/১৭২৫ ঘ.