ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা জারির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি আগামী রোববার হাইকোর্টে হবে।
সোমবার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ রিটকারীর পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ, মহসিন রশিদ, নাহিদ সুলতানা যুথী ও আব্দুল মান্নান খান গত ১৩ জুলাই রিটটি দায়ের করেন।
আদালতের আদেশের পর রিটকারী পক্ষের কৌঁসুলী এমআই ফারুকী বলেন, "বিষয়টি জরুরি। তাই রিটটির চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন। আদালত এর জন্য আগামী রোববার দিন ধার্য করে দিয়েছেন।"
গত ২০ জুলাই রিটটির ওপর প্রাথমিক শুনানি গ্রহণ করে হাইকোর্ট জরুরি অবস্থা ঘোষণা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছিল।
জরুরি অবস্থা ঘোষণা, জরুরি ক্ষমতা আইন, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালা জারি কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না- সরকারকে তা জানাতেও আদালত নির্দেশ দেয়।
এছাড়া জাতীয় নির্বাচন কবে হবে এবং ক্ষমতা কীভাবে হস্তান্তর হবে, তাও জানাতে সরকারকে বলা হয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫২৮ ঘ.
bdnews24