ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কোনও সমস্যা থাকলে তা মঙ্গলবার অনুষ্ঠেয় সংলাপেই কেটে যাবে বলে আশা করছেন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
গঠণতন্ত্র সংশোধন করে নিবন্ধনে দল দুটির সম্মত হওয়াকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন তিনি।
ঘোষিত সময়ে সংসদ নির্বাচন হবে জানিয়ে আনোয়ারুল ইকবাল বলেছেন, ওই নির্বাচনে কোনও ধরনের কারচুপি হবে না।
সোমবার 'জাতীয় স্যানিটেশন মাস'র উদ্বোধন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
বিএনপি ও জামায়াতের সঙ্গে সংলাপের কী ফলাফল আশা করছেন- জানতে চাওয়া হলে আনোয়ারুল ইকবাল বলেন, "সংলাপে সরকারের কোনও এজেন্ডা থাকবে না । যদি কোনও সমস্যা থাকে তা সংলাপের মাধ্যমে সমাধান হবে। আশা করছি, সংলাপ সফল হবে। "
মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি এবং দুপুর ৩টায় জামায়াতের সঙ্গে সংলাপে বসবে সরকার।
নিবন্ধনের জন্য গঠনতন্ত্র সংশোধনে বিএনপি ও জামায়াতে সম্মত হওয়াকে 'ইতিবাচক' মন্তব্য করে উপদেষ্টা বলেন, "টানেলে আলোর মুখ দেখা যাচ্ছে। বিএনপি ও জামায়াত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, তারা নিবন্ধন ও গঠনতন্ত্র সংশোধন করবে। সংলাপে বসতেও ইতিবাচক মনোভাব দেখিয়েছে তারা।"
রাজনৈতিক দলগুলোকে সরকার হাত-পা বেঁধে নির্বাচনে নিতে চায় বলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে- সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা বলেন, "কে কী বলছে, তা বিষয় নয়। নির্বাচনের ফল কী হয়, তাই দেখার বিষয়। তবে সরকারের অবস্থান সব সময় ইতিবাচক।"
গ্রহণযোগ্য ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর বলে জানান আনোয়ারুল ইকবাল।
গত আগস্টের সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, "এর মতো নির্বাচন বাংলাদেশে আর হয়নি। আশা করছি, আগামী সংসদ নির্বাচনও ভালো হবে এবং এতে কোনও ধরনের কারচুপি হবে না।"
সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নভেম্বরের শুরুতেই ওই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১২৪৯ ঘ.
bdnews24