ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছর ধরে বিনা বিচারে আটক অস্ত্র মামলার এক আসামি জামিন না পেয়ে রোববার কাঠগড়ায় দাঁড়িয়ে ব্লেড দিয়ে নিজের শরীর জখম করলেন।
মো. নয়ন নামের এ আসামি রোববার দুপুরে ঢাকা মহানগর তৃতীয় অতিরিক্ত বিশেষ জজ এ কে এম রাশেদুজ্জামান রাজার আদালতে এ ঘটনা ঘটান। বিচারকের নির্দেশে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টোরের বাসিন্দা নয়ন প্রায় ৪ বছর ধরে বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন।
সকাল সাড়ে ১০ টায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হলে নয়নের আইনজীবী জামিনের আবেদন করেন।
২০০৪ সালের ২০ ডিসেম্বর থেকে নয়ন কারাগারে রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে বিচারক এ আবেদন নাকচ করে দিয়ে খাস কামরায় চলে গেলে নয়ন তার সঙ্গে থাকা ধারালো ব্লেড দিয়ে নিজের শরীর কেটে জখম করেন।
ঘটনাটি জানার পর বিচারক কারাগারের মহাপরিদর্শককে আদালতে ডেকে এই বিব্রতকর পরিস্থিতি তৈরির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২০ ডিসেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে গুলি ও অস্ত্রসহ নয়নকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
ঘটনার সময় আদালতে উপস্থিত আইনজীবী মুস্তাফিজুর রহমান ও আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপক্ষ মামলায় কোনো সাক্ষী আনতে না পারায় বিচার কাজ এগুচ্ছে না। এদিকে নয়নকে জামিনেও হচ্ছে না।
গত বছরের ১০ জুন রাজধানীর শ্যামপুর থানার পাঁচ বাড়ি এলাকার অস্ত্র মামলার অভিযুক্ত আসামি সুমন ওরফে সেলিম একই আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এছাড়া গত বছরের ১০ জুলাই আদালতের দেওয়ালে মাথা ঠুকে আত্মহত্যার চেষ্টা করেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বালিয়া গ্রামের আহসান ওরফে আচান। তার মামলাটি প্রায় ৮ বছর ধরে আদালতে ঝুলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/০০০০ ঘ.
bdnews24