২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপিপিগুলো এখন থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবে

ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের মত বিভিন্ন শিল্প কারখানার মালিকানাধীন ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্রগুলোও (এসপিপি) এখন থেকে তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের মত বিভিন্ন শিল্প কারখানার মালিকানাধীন ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্রগুলোও (এসপিপি) এখন থেকে তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে। এসপিপিগুলো এতদিন শুধু বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বাড়তি বিদ্যুৎ বিক্রি করতে পারত। রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসপিপি সংক্রান্ত নীতিমালার সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "বিরাজমান বিদ্যুৎ সঙ্কট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে শুধু ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারতো।" এছাড়াও রোববারের বৈঠকে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০০৮ উত্থাপন করা হয়। প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে একটি সমন্বিত প্রস্তাব উত্থাপনের জন্য মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়কে বলা হয়েছে। বৈঠকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (দ্বিতীয়) সংশোধন অধ্যাদেশ-২০০৮ অনুমোদন করা হয়েছে। এ সংশোধনীতে কিছু শব্দগত পরিবর্তন করা হয়েছে বলে ফাহিম মুনয়েম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৫৩ঘ.