ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালে সারাবিশ্বে যত মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তার মধ্যে মাত্র পাঁচটি দেশেই দেওয়া হয়েছে ৮৮ শতাংশ। দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, ইরান ও পাকিস্তান।
রোববার রাজধানীতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয় বলে ইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
'দি ডেথ পেনাল্টি-ডেটারেন্ট অর ভায়োলেশন' শীর্ষক ওই গোলটেবিল বৈঠকটি হয় হোটেল শেরাটনে। ইউরোপীয় ইউনিয়ন ১২ অক্টোবর দিনটিকে 'মৃত্যুদণ্ডবিরোধী দিবস' হিসেবে পালন করে। এ উপলক্ষেই ওই বৈঠক আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তিতে ঢাকায় ইউরোপীয় কমিশনের শার্জ দি অ্যাফেয়ার্স চার্লস হোয়াইটলিকে উদ্ধৃত করে বলা হয়, "বাংলাদেশের মতো দেশে মৃত্যুদণ্ডের পক্ষে বা বিপক্ষে উভয় যুক্তিগুলো পুরোপুরি তুলে ধরা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমি আশা করি, আজকের গোলটেবিল বৈঠক এই বিষয়টিকে সামনে এগিয়ে আনতে সহায়ক হবে।"
ইইউ জানায়, ২০০৭ সালে ২৪টি দেশে মোট ১২৫২ জনের মৃত্যৃদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে ৮৮ শতাংশ কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, ইরান ও পাকিস্তানে।
ইউরোপীয় কমিশনের বহিঃসম্পর্ক বিভাগের কমিশনার বেনিতা ফেররো-ওয়াল্ডনারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিশ্ব থেকে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকায় আমি গর্বিত। অপরাধীদের সহিংস কার্যক্রমের ব্যাপারটি আমি ভুলে যাচ্ছি না। কিন্তু এ জন্য মৃত্যুদণ্ড কোনও সমাধান নয়।"
ইইউ প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশের সুশীল সমাজের ২৫ জন প্রতিনিধি ওই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ পড়েন ব্র্যাক ল' স্কুলের পরিচালক ড. শাহদীন মালিক।
বিশ্বের ৯২টি দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড রহিত করেছে। ১০টি দেশ কিছু বিশেষ অপরাধ ছাড়া অন্য সব অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাদ দিয়েছে। এছাড়া আরও ৩৫টি দেশের আইনে মৃত্যুদণ্ড থাকলেও ওই দেশগুলোতে গত ১০ বছর ধরে এ দণ্ড কার্যকর করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/এসকে/১৮২১ঘ.
bdnews24