বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট বরিশালে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলার আরেকটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে দন্ডপ্রাপ্ত দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান জেলখানার মোড়ে বোমা হামলার মামলায় এ রায় দেন।
দণ্ডিত দুই জেএমবি সদস্য জিয়াউর রহমান জিয়া ও জাহিদ বাবু বর্তমানে পলাতক।
জেএমবির বোমা হামলার ১২টি মামলার মধ্যে এ নিয়ে নয়টির রায় হয়েছে। এর আগে একটি মামলায় সাত জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বাকি সাতটি মামলায় সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মত বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়, নতুন বাজার, বিএম কলেজ ও পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এবং জেলখানার মোড়সহ বিভিন্ন স্থানে জেএমবি জঙ্গিদের বোমা হামলা চালায়।
নগরীর জেলাখানার মোড়ে জেএমবি জঙ্গিদের বোমা হামলার ঘটনায় কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে ওইদিনই (১৭ আগস্ট) একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিউর রহমান ওই বছর ১২ ডিসেম্বর নয়জনকে আসামি করে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24