২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে কমিউনিস্ট যুদ্ধের শীর্ষ নেতা রনি নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' সংগঠন কমিউনিস্ট যুদ্ধের শীর্ষ নেতা রনি বিশ্বাস (২৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' সংগঠন কমিউনিস্ট যুদ্ধের শীর্ষ নেতা রনি বিশ্বাস (২৫) নিহত হয়েছেন। আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে শনিবার রাত ৩টার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর তারিক। নিহত রনি এক সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। পরে তপন মালিথার সঙ্গে ওই দল থেকে বেরিয়ে জনযুদ্ধ নামে আরেকটি সংগঠন গঠন করেন। পরে ২০০৫ সালে নেতৃত্ব নিয়ে তপন মালিথার সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে জনযুদ্ধ থেকে বেরিয়ে কমিউনিস্ট যুদ্ধ প্রতিষ্ঠা করেন তিনি। গত কয়েক মাসে র‌্যাব ও পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বেশ কয়েকজন নেতা নিহত হন। এদের মধ্যে জনযুদ্ধ প্রধান তপন মালিথা, লাল পতাকা প্রধান ডা. টুটুলও রয়েছেন। ওই তালিকায় সর্বশেষ যুক্ত হলো কমিউনিস্ট যুদ্ধের প্রধান রনি বিশ্বাসের নাম। মেজর তারিক সাংবাদিকদের বলেন, "কুমারী গ্রামে ভেটিরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের উত্তর পাশে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাব ও পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন নিরাপত্তা রক্ষীরাও পাল্টা গুলি চালায়।" উভয় পক্ষে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর চরমপন্থীরা পালিয়ে গেলে সেখানে রনি বিশ্বাসের গুলি বিদ্ধ লাশ পাওয়া যায় বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। ঘটনাস্থল থেকে দুটি শাটারগান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে র‌্যাব। নিহত রনির বাড়ি আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে আটটি এবং অন্যান্য অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে বলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোর্শেদ আলম জানিয়েছেন। স