২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর আলী মামলায় হাসিনার জামিন আবেদনের শুনানি দুই সপ্তাহ মুলতুবি

ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতুবি করেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 05:23 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতুবি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শেখ হাসিনার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক সময়ের আবেদন জানিয়ে বলেন, "জামিনের আবেদন খারিজের হাইকোর্টের রায়ের অনুলিপি এখনো পাওয়া যায়নি। তাই ওই রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করা যায়নি। নিয়মিত লিভ টু আপিল দায়েরের জন্য দুই সপ্তাহ সময়ের প্রয়োজন।" আদালত শেখ হাসিনার সময়ের আবেদন মঞ্জুর করেন। আদেশের পর ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "দুই সপ্তাহ পর নুর আলীর মামলায় হাসিনার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।" শেখ হাসিনার অপর কৌসুলী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই হাইকোর্টের রায়ের কপি পাব। আগামী সপ্তাহেই নিয়মিত লিভ টু আপিল দায়ের করা হবে।" গত ৫ অক্টোবর জামিন আবেদন খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শেখ হাসিনা সাময়িক লিভ টু আপিল ও জামিনের আবেদন দায়ের করেন। ৬ অক্টোবর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জয়নুল আবেদন ১২ অক্টোবরের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন। গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। ২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী তেঁজগাও থানায় ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয় শেখ হেলাল ও তার স্ত্রী রুপা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই বছরের ৭ আগস্ট শেখ হাসিনার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় তাকে জামিন দিয়েছিল। তবে আপিল বিভাগ হাসিনার সেই জামিন স্থগিত করে দেয়। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে তাকে বিদেশে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩১৭ঘ.