২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভেজাল সন্দেহে ১৩০০ কন্টেইনার নারকেল তেল আটক

ভেজাল সন্দেহে বাগেরহাট শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে শনিবার ভোরে 'নারিকেল' ব্র্যান্ডের ট্রাকভর্তি এক হাজার ৩০০ কন্টেইনার নারকেল তেল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বাগেরহাট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভেজাল সন্দেহে বাগেরহাট শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে শনিবার ভোরে 'নারিকেল' ব্র্যান্ডের ট্রাকভর্তি এক হাজার ৩০০ কন্টেইনার নারকেল তেল আটক করেছে পুলিশ। বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর সাংবাদিকদের জানান, আটক তেলে ভেজাল আছে কি না তা পরীক্ষার জন্য নমূনা খুলনায় পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই'র পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিলা শিলা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মধুসূদন দাম এবং ট্রাক চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালক আব্দুস সালাম (৪৫) ও তার সহকারী মুরাদ মীরকে। তবে মধুসূদন পালিয়ে গেছেন। বাগেরহাট ক্ষুদ্র ও কুটির (বিসিক) শিল্প এলাকার তিলা শিলা এন্টারপ্রাইজ উৎপাদিত এসব তেল মানিকগঞ্জ, সাভার, ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান (রঃ) মাজার এলাকা থেকে ট্রাকভর্তি ১২৭০ কন্টেইনার পাম অয়েল ও প্যারাফিন মিশ্রিত ভেজাল নারকেল তেল আটক করা হয়েছিল। বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান শনিবার বিকেলে জানান, পুলিশের একটি দল আজ (শনিবার) ভোরে বিসিক এলাকা থেকে ছেড়ে আসা নারকেল তেল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১১-০২৬৮) আটক করে। এ সব তেলে পাম অয়েল ও প্যারাফিন নামক ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, আটককৃত তেলের বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা। ট্রাকসহ তেল থানা হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.