২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকদের সঙ্গেও আলোচনায় বসবে দুর্নীতি দমন কমিশন

নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময়েও যেন দুর্নীতিবিরোধী কার্যক্রম গতিশীল থাকে, সে জন্য রাজনীতিকদের সঙ্গেও আলোচনায় বসবে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময়েও যেন দুর্নীতিবিরোধী কার্যক্রম গতিশীল থাকে, সে জন্য রাজনীতিকদের সঙ্গেও আলোচনায় বসবে দুর্নীতি দমন কমিশন। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী শনিবার বলেছেন, "সরকারকে পাশ কাটিয়ে দুর্নীতি দমন কমিশন কেন, কোনও কমিশনই কাজ করতে পারবে না। তাই প্রশাসন ও ব্যবসায়ীদের পাশাপাশি প্রয়োজনে রাজনীতিবিদদের সঙ্গেও সংলাপ করা হবে। যাতে আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময়েও ন্যূনতম সমঝোতার মাধ্যমে কমিশনের কাজ চালিয়ে যাওয়া যায়।" সেগুনবাগিচার কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। হাসান মশহুদ জানান, কমিশনের কার্যক্রমের বিষয়ে মতামত জানতে সরকার ইতোমধ্যেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। আগামী মাসের তৃতীয় সপ্তাহ থেকে এ বৈঠক শুরু হচ্ছে। তিনি বলেন, "এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় সরকার, ভূমি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং যোগাযোগ মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।" কমিশনের চেয়ারম্যান বলেন, "কোনও মহল বা ব্যক্তি বিশেষের ওপর দোষ চাপিয়ে দুর্নীতি দূর করা সম্ভব নয়। তাই প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার পরিকল্পনা করছি আমরা।" বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত রাজনৈতিক নেতাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে হাসান মশহুদ বলেন, "যারা আদালতের রায়ে সাজাপ্রাপ্ত বা দণ্ডিত হয়েছেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা তা সরকার ও নির্বাচন কমিশন নির্ধারণ করবে।" তিনি বলেন, "দুর্নীতিবাজরা নির্বাচনে দাঁড়িয়ে ভোট পেয়ে গেলে আমাদের কিছুই করার থাকবে না। তবে তারা যাতে ভোট না পায়, সে জন্য আমাদের গণসচেতনতা সৃষ্টি করতে হবে।" হাসান মশহুদ বলেন, "আগামী নির্বাচনকে সামনে রেখে কমিশন আরও কিছু বিষয় প্রাধান্য দেবে। এ কারণে কমিশন এখন আইনি লড়াই নিখুঁতভাবে এগিয়ে নিতে কাজ করবে। এ জন্য ইতোমধ্যে সমন্বয় ও প্রস্তুতি নেওয়া শুরু করেছে, আদালত খুললেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।" দুই নেত্রীর (খালেদা জিয়া ও শেখ হাসিনা) বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের যে দাবি উঠেছে, সে বিষয়ে কী ভাবছেন- জানতে চাওয়া হলে কমিশন চেয়ারম্যান বলেন, "এ নিয়ে কমিশন এখনও কিছু ভাবছে না। তাই এ ধরনের প্রশ্ন একেবারেই অবান্তর। এ বিষয়ে এ মুহূর্তে কমিশনের কোনও বক্তব্যও নেই।" ট্রুথ কমিশনে (সত্য ও জবাবদিহিতা কমিশন) দোষ স্বীকার করা ব্যক্তিদের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, "যারা ওই কমিশনে যাচ্ছেন তারা সঠিক তথ্য দিচ্ছেন কিনা, তা প্রমাণসাপেক্ষ বিষয়। তাদের এ সব তথ্য কোনও না কোনও সময় মূল্যায়ন করতে হবে। যদি কোনও তথ্যে ভুল থাকে বা সত্য তথ্য দেওয়া না হয়, তবে অবশ্যই তা পুনর্বিবেচনা করা হবে। তবে আমরা একযোগে কাজ করলে অবশ্যই আরও সুফল পাওয়া যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/জিএনএ/১৫১৯ ঘ.