২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি নেতা হত্যা: দুই সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

সাতক্ষীরায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান চঞ্চল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দলীয় দুই সদস্যের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

সাতক্ষীরা, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান চঞ্চল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দলীয় দুই সদস্যের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তালা উপজেলার ধানদিয়া ইউপি'র চেয়ারম্যান ও জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আরিফুজ্জামান চঞ্চলকে গত বুধবার রাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জনতা ওই ইউপি ও বিএনপির সদস্য আব্দুল মালেক লালু এবং ইউপি যুবদল সদস্য রুহুল কুদ্দুসের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছেন পুলিশ সুপার আবু সুফিয়ান। চঞ্চল হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করার পর শওকত হোসেন ও জোবেদা খাতুন নামে দুই আসামি বৃহস্পতিবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। শুক্রবার সাতক্ষীরার একটি দৈনিক পত্রিকা প্রকাশ করে, হত্যাকাণ্ডের সঙ্গে একজন ইউপি সদস্য ও এক যুবদল নেতা জড়িত বলে আসামিরা জবানবন্দি দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খবরটি প্রচার হবার পর সকালে কয়েক হাজার লোক লাঠিসোটা ও পেট্রোল নিয়ে সেনেরগাতি গ্রামে গিয়ে লালু মেম্বরের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা কৃষ্ণনগর গ্রামে গিয়ে রুহুল কুদ্দুসের দোতলা বাড়িটি লুটপাট করে আগুন লাগিয়ে দেয়। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুল হাসান বলেন, "আমরা আগুন নেভাতে গেলেও বিক্ষুব্ধ জনতা ব্যারিকেড দিয়ে আমাদের গাড়ি আটকে দেয়। এতে সময় মতো আমরা পৌঁছতে পারিনি।" অগ্নিকাণ্ডে দুটি বাড়ির প্রায় ২০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, "থানা স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি থাকায় পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাটি ঘটে। পরে সেখানে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২৩০৭ ঘ.