ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি নিয়ে দক্ষিণ কোরিয়া যেতে আগ্রহী প্রায় ১৫ হাজার প্রার্থী শুক্রবার কোরীয় ভাষায় তাদের দক্ষতার পরীক্ষা দিয়েছেন। এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৫ হাজার ১০০ জন দক্ষিণ কোরিয়ায় নিয়োগ পাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল) ও দক্ষিণ কোরিয়া সরকারের মানবসম্পদ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। মোট ১৪ হাজার ৮৮২ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
এর আগে একই ধরনের পরীক্ষায় অংশগ্রহণকারী ৫ হাজার ৪ জন প্রার্থীর মধ্য থেকে ১ হাজার ৪৬৫ জনকে নিয়োগের জন্য মনোনীত করে দক্ষিণ কোরিয়া সরকার।
উপদেষ্টা ইফতেখার আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর মধ্যে ৮৫৮ জন ইতোমধ্যে কোরিয়া গেছে। অক্টোবরের শেষ নাগাদ আরো ১৬৮ জন কোরিয়া পৌঁছাবে।
তিনি বলেন, "এবারের পরীক্ষায় উর্ত্তীর্ণদের মধ্য থেকে ৫ হাজার ১০০ জন নিয়োগ পাবে।"
বিওইএসএল ও দক্ষিণ কোরিয়া সরকারের মানবসম্পদ বিভাগের মধ্যকার এক চুক্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের নিয়ে এই ভাষাগত দক্ষতা যাচাইয়ের পরীক্ষা নেয়া হচ্ছে। এ পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা ৬৩ হাজার টাকা (৯০০ ডলার) খরচ করে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পাবেন। সেখানে মাসিক ৫৫ থেকে ৬০ হাজার টাকা বেতনের চাকরির সুযোগ পাবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২২২৮ ঘ.
bdnews24