পাবনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ১৩ মাস পর পাটুরিয়া-কাজীরহাট নৌ রুটে শুক্রবার থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। যমুনা সেতুর ওপর চাপ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল হক সকালে পাটুরিয়া পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরিটিকে কাজীরহাট পয়েন্টে স্বাগত জানান।
কর্মকর্তারা জানান, গত বছর ৩১ জুলাই পাটুরিয়া-কাজীরহাট রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর যমুনা সেতুর উপর চাপ বেড়ে যায়। সে সময় এই রুটে প্রতিদিন দুইশরও বেশি পণ্যবাহী ট্রাক পার হতো।
জ্বালানি খরচ কম হওয়ায় এবং কম সময় লাগে বলে উত্তরাঞ্চলের পাবনা, নাটোর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য রুটটি জনপ্রিয়। ফেরি চালু হওয়ার পর শুক্রবার শতাধিক পণ্যবাহী ট্রাক এই পথে নদী পার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১০৫ ঘ.
bdnews24