চাঁদপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার বালু উত্তোলন বন্ধের দাবিতে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে প্রায় এক হাজার লোক শুক্রবার বিক্ষোভ মিছিল করে।
হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব বেপারী বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনার তীরে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে সাখুয়া, ইচলী ও মির্জাপুর এলাকার গ্রামগুলো ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। এসব গ্রামের অসংখ্য বাড়ি যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে।"
সাখুয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ বেপারী বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, অবাধে বালু তোলার কারণে তার ইউনিয়নের কয়েকশ লোক ঘর-বাড়ি হারিয়েছে। এসব ঘরহারা মানুষ এখন বেড়িবাঁধ এলাকায় আশ্রয় নিয়েছে।
হাফেজ বেপারী বলেন, "বালু উত্তোলন বন্ধ না হলে গ্রামবাসীদের নিয়ে আমরা কঠোর আন্দোলন শুরু করব।"
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিনা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জহির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "চাঁদপুর-শরীয়তপুর রুটে মেঘনা নদী দিয়ে ফেরি চলাচলের সময় যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে জন্য বালু কাটা হচ্ছে।"
তিনি বলেন, প্রায়ই ডুবোচরের কারণে ফেরি আটকে যায়। বালু কাটা না হলে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চালানো যাবে না।
হানারচরের চেয়ারম্যান মোতালেব বেপারী অভিযোগ করেন, গতবছর সেলিম খান নামের এক ব্যক্তি মেঘনার বালু তোলার জন্য সরকারি অনুমতি পায়। দেড়শ দিনে ৩০ লাখ ঘনফুট বালু তোলার অনুমতি পেলেও তিনি অনেক বেশি বালু উত্তোলন করেছেন।
বালু উত্তোলনকারী সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "আমি নিয়ম মেনেই বালু উত্তোলন করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়।"
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মনির আহমেদ বলেন, "লোকজন বালু উত্তোলন বন্ধের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করেছে। তবে ঘটনাস্থলে পুলিশ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১০০ ঘ.
bdnews24