পটুয়াখালী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের বিবাদে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। হতাহতরা সবাই এক পরিবারের সদস্য।
নিহতের নাম জাহানারা বেগম (৩৫)। আহতরা হলেন- জাহানারার বাবা আবদুর রশিদ মৃধা (৬০), মা সেলিনা এবং ভাই চানমিয়া (৩০)। অপর আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুব্রত কুমার হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রীরামপুরের মৃধা বাড়ির দুই পরিবারের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে পরিবার দুটির সদস্যরা বিবাদে জড়িয়ে পড়ে।"
বিবাদের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় জাহানারা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মনির হোসেন (২০), তার দুলাভাই সেলিম (৩৫) এবং মা লুৎফা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24