২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজানের ঢলে যশোরে ৪০ গ্রাম প্লাবিত

উজান থেকে নেমে আসা ঢলে যশোরের শার্শা উপজেলার সাতটি ইউনিয়নের ৪০টি গ্রাম গত কয়েকদিনে প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় ৫শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 07:08 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

যশোর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা ঢলে যশোরের শার্শা উপজেলার সাতটি ইউনিয়নের ৪০টি গ্রাম গত কয়েকদিনে প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় ৫শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাকিম এ তথ্য জানিয়েছেন। এতে ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। দুর্গত এলাকা থেকে ফিরে আব্দুল হাকিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ক'দিনের টানা বর্ষণ ও সীমান্ত ঘেঁষা ইছামতি ও কোদলা নদীর পানির ঢলে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে যায়।" দুর্গত ইউনিয়নগুলো হচ্ছে- কায়বা, পুটখালী, গোগা, বেনাপোল, বাহাদুরপুর, লক্ষ্মণপুর ও ডিহি। পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি বলেন, "ইছামতি নদীর পানি পুটখালী ইউনিয়নের অভায়বাস খাল হয়ে খলসী বাজারের স্লুইজ গেট দিয়ে বাংলাদেশে ঢুকছে। এতে ইউনিয়নের অভায়বাস, দৌলতপুর, গাতিপাড়া, খলসি, রহমতপুর, রাজগঞ্জ, বারোপোতা গ্রাম প্লাবিত হয়েছে।" কোদলা নদীর পানি ভেড়োরখাল দিয়ে প্রবল বেগে বাংলাদেশে ঢুকছে বলে জানান ডিহি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বকুল। সাত ইউনিয়নের ৪শ পরিবার উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠাঙ্গামারি বল্লি, মাখলা, শোলাকুড়ো, গজালি, সোনামুখি, বোনমান্দার, দুধের, শ্যামটা, ভেটকেমারি, হেলনা, রুয়ের বিলের প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। উপজেলার ৩০০ ঘের ভেসে যেতে পারে বলে আশঙ্কা করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী নিজামুল ইসলাম। তিনি বলেন, "ভারত থেকে যে ভাবে পানি আসছে, তাতে শার্শা উপজেলার ৩শ ঘের ও ৪ হাজার পুকুর যে কোনও সময় ভেসে যেতে পারে।" মৎস্য চাষীরা ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ রক্ষার চেষ্টা করছেন। যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশও দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.