আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত জুলাই-সেপ্টেম্বরের সময়ে মোট এক হাজার ২৫০ জন তাদের অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ কাজে লাগিয়েছেন। আর এ থেকে সরকার কর বাবদে পেয়েছে মাত্র ২৭ কোটি টাকা। অথচ গতবছর জুন-সেপ্টেম্বর সময়ে এ সুযোগ থেকে সরকার পেয়েছিল ৮০২ কোটি টাকা।
করের এই পরিমাণে হতাশ জাতীয় রাজস্ব বোর্ডোর (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩১ অক্টোবর সরকার ঘোষিত এ সুবিধার মেয়াদ শেষ হবে। এবার কোনোভাবেই আর সময় বাড়ানো হবে না। ১ নভেম্বর থেকে অপ্রদর্শিত আয়ের সন্ধানে সারা দেশে অভিযানে নামবে এনবিআর কর্মকর্তারা।
তিনি বলেন, "এবার বাজেটে ঘোষণা দিয়ে চার মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া হয়েছিল। বলা হয়েছিল, যারা এ সময়ের মধ্যে অপ্রদর্শিত আয় বৈধ করবেন তাদের আমরা (এনবিআর) সম্মান করব। আর যারা সুযোগ কাজে লাগাবেন না, অবৈধ অর্থ নিজের কাছে রেখে দেবেন, তাদের বিরুদ্ধে ১ নভেম্বর থেকেই জোরেশোরে অভিযানে নামবে এনবিআর।"
চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণার সময় ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়ার কথা ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। কিন্তু গত তিন মাসে আশাব্যাঞ্জক সাড়া এনবিআর পায়নি।
এনবিআরের আয়কর অণুবিভাগের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ১২৫০ জন মোট ১৩০ কোটি টাকা বৈধ করেছেন। তাদের কাছ থেকে জরিমানাসহ কর হিসেবে এনবিআর পেয়েছে ২৭ কোটি টাকার মতো।
অথচ গতবছর জুন থেকে সেপ্টেম্বর- এই চার মাসে একই ধরনের সুযোগ কাজে লাগিয়ে ৪২ হাজার ৪৪৯ জন মোট পাঁচ হাজার ২১৩ কোটি টাকা বৈধ করেছিলেন। কর বাবদ সরকার পেয়েছিল ৮০২ কোটি টাকা।
এনবিআর চেয়ারম্যান বলেন, "গতবার প্রথম দফায় অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া হয়েছিল জুন ও জুলাই-এ দুই মাস। পরে আরও দুই মাস সময় বাড়ানো হয়। আর এবার জুলাই থেকে চার মাসের জন্য এ সুযোগ দেওয়ায় অনেকেই অপ্রদর্শিত আয় ও আয়কর রিটার্ন একসঙ্গে জমা দিচ্ছেন। কোনো কোনো করদাতা আয়কর রিটার্নেই অপ্রদর্শিত আয় দেখাচ্ছেন।"
এ প্রসঙ্গে তিনি জানান, স্বাভাবিক নিয়মে সেপ্টেম্বর মাসে আয়কর রিটার্ন জমা দিতে হয়। গতবার যাদের অপ্রদর্শিত আয় ছিল তারা সেপ্টেম্বর মাসের আগেই তা বৈধ করেছিলেন। কিন্তু এবার অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ এবং রিটার্ন জমা দেওয়ার সময় একই সময়ে হওয়ায় অনেকেই আয়কর রিটার্নে অপ্রদর্শিত আয় দেখাচ্ছেন। এ কারণেই হয়তো এখনো তেমন সাড়া মেলেনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, "আমাদের স্বভাব হচ্ছে সব কিছুতে শেষ সময়ে ঝাঁপিয়ে পড়া। রিটার্ন জমা দেয়ার জন্য এখনও ২০ দিনের মতো সময় আছে। আমার বিশ্বাস, বিপুলসংখ্যক লোক এ সময়ে এই সুযোগ কাজে লাগাবেন।"
জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে অপ্রদর্শিত আয় নিয়ে আর সমস্যা থাকবে না- এমন ভাবনা থেকে এবার সাড়া কম পাওয়া যাচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মজিদ বলেন, "কে কী আশায় বসে থাকল তা আমাদের দেখার বিষয় নয়। কাদের কাছে অপ্রদর্শিত আয় থাকতে পারে তার একটি ধারণা আমাদের আছে। ১ নভেম্বর থেকে আমরা তাদের খোঁজে বের হব।"
সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের কারণে গতবার বেশি লোক এই সুযোগ নিয়েছিল কি না- এ প্রশ্নের উত্তরে এনবিআর প্রধান বলেন, "সেটা একটা কারণ হতে পারে।"
এনবিআরের চেয়ারম্যান জানান, এতোদিন যারা কর দেননি তারা তাদের বৈধভাবে উপার্জিত আয়ের ওপর চলতি অর্থবছরের প্রযোজ্য হারে আয়কর এবং সেই আয়করের ওপর সাত শতাংশ হারে জরিমানা দিয়ে ৩১ অক্টোবরের মধ্যে আয় বৈধ করার সুযোগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24