চট্টগ্রাম, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিউলররা সদ্য কারামুক্ত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার ঢাকায় বৈঠক করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সকালে চিকিৎসাধীন মেয়রের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় আওয়ামী লীগ সমর্থিত এ কাউন্সিলরদের। হাইকোর্ট থেকে জামিন পেয়ে বুধবার বিকেলে এই হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান মেয়র মহিউদ্দিন।
বৈঠকে উপস্থিত শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশনের সার্বিক পরিস্থিতি জানতে এবং কাউন্সিলরদের সঙ্গে দেখা করার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু হাসপাতালের একটি কক্ষে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠকে কর্পোরেশনের ৩০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।"
তিনি বলেন, "কাউন্সিলরদের কাছ থেকে মেয়র কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ড সস্পর্কে খোঁজ নেন। সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা না দিলেও তিনি নাগরিকদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য আমাদের সজাগ থাকতে অনুরোধ করেছেন। কর্পোরেশন পরিচালিত অন্য প্রতিষ্ঠানগুলোও যাতে ঠিকভাবে চলে সেজন্যও কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন।"
মহিলা ওয়ার্ড কাউন্সিলর রেহেনা কবির রানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র চট্টগ্রামে সিটি গভর্মেন্ট ব্যবস্থা কার্যকর হলে খুশি হবেন বলে তাদের জানিয়েছেন।
বৈঠকে যোগদানকারী কয়েকজন হচ্ছেন প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, পাঘারঘাটা ওয়ার্ডের জালাল উদ্দিন ইকবাল, এম এ মালেক।
এদিকে বৃহস্পতিবার বিকালে মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে টেলিফোনে কাউন্সিলরদের ঢাকায় ডেকে পাঠান মহিউদ্দিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএইচবি/২০৫৬ ঘ.
bdnews24