চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী ইউ সো থা বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০ কোটি ডলারে উন্নীত করতে তার দেশ বিভিন্ন পদক্ষপ নিচ্ছে। এজন্য উভয় দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার চিটাগাং চেম্বারে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে মিয়ানমারের বাণিজ্য প্রতিনিধি দলের এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে দুই দেশের মধ্যকার বাণিজ্য বাধা দূর করার জন্য উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
পরে চিটাগাং চেম্বার এবং মিয়ানমার চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ও মিয়ানমার চেম্বারের চেয়ারম্যান ইউ উয়িন মাইট এতে সই করেন।
মতবিনিময় সভায় সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভৌগলিকভাবে কাছাকাছি এ দু'টি দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
দুই দেশের আন্তঃ বাণিজ্য বাড়াতে উপকূলীয় ও সামুদ্রিক নৌ যোগাযোগ চুক্তি নবায়ন এবং সীমান্ত চুক্তির আওতায় সরাসরি ব্যাংকিং চালুর উদ্যোগ নিতে মিয়ানমার প্রতিনিধিদের প্রতি আহবান জানান তিনি।
সাইফুজ্জামান বলেন, "মিয়ানমারে যাওয়ার জন্য ভিসা ও অনুমতি পাওয়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খুবই কঠিন ব্যাপার। এ প্রক্রিয়া সহজ করা হলে দুদেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে।"
মিয়ানমারের বাণিজ্য মন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল টিন নেইং থেইন বলেন, ব্যবসায়ীরা যাতে সহজে ভিসা পায় সে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে জাহাজ চলাচল চুক্তি নবায়ন এবং সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়েও মিয়ানমার সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে।
মিয়ানমারে আরো বেশি পরিমাণে ওষুধ, চামড়াজাত পণ্য ও নির্মাণ সামগ্রী সরবরাহের জন্য চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
অন্যান্যের মধ্যে মিয়ানমারের নির্মাণ মন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল সু টিন, অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রী এইচ জেড ইউ থাং, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু রুশদ রোকনউদ্দৌলা ও চিটাগাং চেম্বারের পরিচালকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিকেলে বাণিজ্য প্রতিনিধি দলটি মিয়ানমারের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বিমান বন্দরে উপস্থিত হয়ে প্রতিনিধি দলকে বিদায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/জেকে/জিএনএ/১৭৫৩ ঘ.
bdnews24