ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মর্ত্যলোকের বাবার বাড়ি ছেড়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা হিমালয়ের কৈলাস সরোবরে স্বামীর বাড়িতে ফিরে গেছেন। বিসর্জন পূজা ও নিরঞ্জনের (প্রতিমা বিসর্জন) মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচে' বড় উৎসব শারদীয় দুর্গা পূজা।
দুর্গা যে কদিন পিতৃগৃহে ছিলেন, ঢোলের বাদ্য সে কদিন ভক্তদের মনে ভক্তি আর আনন্দ মূর্ছনা দুই-ই জাগিয়েছে। বিজয়া দশমীতে দুর্গার বিদায় বেলায় সেই ঢোলের বাদ্যেই উন্মাদনায় নেচেছে ভক্তরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দর্পন বিসজর্ন পূজার মাধ্যমে দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় বুড়িগঙ্গায় প্রতিমা ডুবিয়ে সম্পন্ন হয়েছে নিরঞ্জন। এবার দেবী গজে (হাতি) চেপে এসেছেন, আর ফিরেছেন দোলায় (পালকি) চেপে।
বিসর্জন পূজার মাধ্যমে শাস্ত্রীয় বিসর্জনের পরও সারাদিনই পূজা মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভীড়। সারাদিনই চলেছে 'দূর্গা মা'র বিদায় প্রস্তুতি। ঢোল আর ঢাকের বাদ্য, ভক্তদের আরতি, কোথাও আবার মাইক বাজিয়ে চলতি ঢঙের গান- বেড়ানো, পূজার খাওয়া, কপালের চন্দনের তিলক- সব মিলিয়ে শেষ দিনেও পূজার উৎসব ছিল জমজমাট। দেবীর বিদায়ের আগে সুজলা সুফলা স্বদেশ আর নিজেদের সুন্দর জীবন কামনায় প্রার্থনাতেও মগ্ন হয়েছেন ভক্তকূল।
পাঁচদিনব্যাপী এ উৎসবের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গা ও তার ছেলে-মেয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্ত্তিক ও গণেশের প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করে। এর প্রস্তুতি হিসেবে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাক ও ঠেলাগাড়িতে করে প্রতিমা নিয়ে ঢাকেশ^রী জাতীয় মন্দির মেলাঙ্গনের সামনে জড়ো হতে থাকে।
বিকেল ৫টার দিকে ঢাকেশ^রী মন্দির থেকে বের হয় বিজয়া শোভাযাত্রা। ঢাক, ঢোল, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশু। নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলেও আনন্দের যেন কমতি নেই।
যাত্রাপথে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও মাঠে ছিলেন।
বিশাল এ শোভাযাত্রা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে লোক সমাগম ও ট্রাকে প্রতিমার সংখ্যাও বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে মিছিলে যোগ দিতে থাকেন ভুক্তরা।
ঢাকেশ^রী থেকে পলাশী, হাইকোর্ট, গুলিস্তান হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাঁসর ঘণ্টা বাজিয়ে নৌকায় করে বুড়িগঙ্গার মাঝখানে নিয়ে বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমা।
ঢাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদেরতথ্য অনুযায়ী, এবছর নগরীতে ১৬৫টি মণ্ডপে পূজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24