২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মার্চের মধ্যে টেকনাফ-মিয়ানমার সড়ক নির্মাণ শুরু হতে পারে'

সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই কাজে পরামর্শক নিয়োগে মিয়ানমার সরকারের অনুমোদন পেলেই আগামী বছরের মার্চ মাসের মধ্যে টেকনাফ থেকে মিয়ানমারের বৌলীবাজার পর্যন্ত সড়ক নির্মাণ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই কাজে পরামর্শক নিয়োগে মিয়ানমার সরকারের অনুমোদন পেলেই আগামী বছরের মার্চ মাসের মধ্যে টেকনাফ থেকে মিয়ানমারের বৌলীবাজার পর্যন্ত সড়ক নির্মাণ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের। তিনি জানান, পরামর্শক নিয়োগ বিষয়ে দ্রুত অনুমোদন দেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমারের নির্মাণ বিষয়ক মন্ত্রী স তুন। বুধবার গণপূর্ত মন্ত্রণালয়ে মিয়ানমারের নির্মাণবিষয়ক মন্ত্রী মেজর জেনারেল স তুনের সঙ্গে গোলাম কাদেরের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। এ সময় মিয়ানমার মন্ত্রীর কাছে একটি নথি হস্তান্তর করেন উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টা সংবাদিকদের বলেন, "সড়ক নির্মাণের সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই কাজে পরামর্শক নিয়োগের জন্য চারটি প্রতিষ্ঠানকে বাছাই করে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব তাদের (মিয়ানমার) পক্ষ থেকে পরামর্শক নিয়োগ বিষয়ে অনুমোদন পাওয়া যাবে।" গোলাম কাদের জানান, মিয়ানমারের অনুমোদন পাওয়ার পর একটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ করা হবে। এরপরই দ্রুততার সঙ্গে সমীক্ষা এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা যাবে। প্রাক-সম্ভাব্যতা যাচাই করা থাকায় এতে খুব বেশি সময় লাগবে না। এসব প্রক্রিয়া শেষ করে চুক্তি অনুযায়ী আগামী ২০০৯ সালের মার্চ মাসের মধ্যে বাংলাদেশের টেকনাফের গনদুম থেকে মিয়ানমারের বৌলীবাজার পর্যন্ত সড়ক নির্মাণ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, "প্রথমে গনদুম থেকে মিয়ানমার সীমান্তের তমরু এলাকা পর্যন্ত দুই কিলোমিটার এবং পরে তমরু থেকে বৌলীবাজার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এ সড়ক নির্মাণ করবে। এতে প্রায় ১০৩ কোটি টাকা ব্যয় হবে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের শ্রমিক দিয়ে ওই সড়ক নির্মাণ করতে চায়।" মিয়ানমার মন্ত্রীর সঙ্গে বৈঠকে সড়ক নির্মাণ ছাড়াও মিয়ানমার থেকে গ্যাস আমদানি, বাংলাদেশ থেকে ওই দেশে সার রপ্তানি, মিয়ানমারের অবকাঠামো নির্মাণ কাজে বাংলাদেশের ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ, বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য মিয়ানমারে ভ্রমণের ভিসার মেয়াদ ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। এসব প্রস্তাবের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানানো হবে বলে উপদেষ্টাকে আশ্বাস দেন মিয়ানমার মন্ত্রী। তবৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মেজর জেনারেল স তুন। বৈঠকে যোগাযোগ সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান ও গণপূর্ত সচিব এ এস এম রাশিদুল হাইসহ দু'দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদের সাত সদস্যসহ ৫৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মিয়ানমারের দ্বিতীয় শীর্ষ প্রধান জেনারেল মং অয়ে। তাদের সঙ্গে দেশটির বিমান ও নৌবাহিনীর প্রধানও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/১৯৪৮ ঘ.